খেলা

বাংলাদেশ দলে পরিবর্তন? কী বললেন মুশফিক?

সোমবার চট্টগ্রামে শুরু দ্বিতীয় টেস্টে বাংলাদেশের উইনিং কম্পিনেশনে কি পরিবর্তন আসবে? বিশেষ করে প্রথম টেস্টে সৌম্য সরকার দুই ইনিংসে ব্যর্থ হওয়ার পর প্রশ্নটি বেশ জোরালোভাবে ওঠেছিল। তাকে বাদ দিলে কে আসবেন? তবে শেষ পর্যন্ত বাংলাদেশ জয় পাওয়ায় প্রশ্নটি এখন অনেকটাই চাপা পড়ে গেছে।

এদিকে দ্বিতীয় টেস্টের দল নির্বাচন নিয়ে হিমশিম খাচ্ছে অস্ট্রেলিয়া। অন্য সময় যেখানে টেস্ট শুরুর এক-দুদিন আগেই তারা দিয়ে দেয় চূড়ান্ত একাদশ, সেখানে এবার তারা অপেক্ষা করছে টেস্ট শুরুর সকাল পর্যন্ত। বাংলাদেশের অবশ্য তেমন ভোগান্তিতে পড়তে হচ্ছে না। প্রথম টেস্ট জিতে বেশ ফুরফুরে মেজাজেই আছে বাংলাদেশ দল। তবে দ্বিতীয় টেস্টের দলে কোনো পরিবর্তন আসছে নাকি উইনিং কম্বিনেশন ধরে রাখা হবে, এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে দেশের ক্রিকেট অঙ্গনে।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে কোনো পরিবর্তনের ইঙ্গিত অবশ্য পাওয়া যায়নি মুশফিকুর রহিমের কথায়। খুব বেশি পরিবর্তন হবে না বলেই জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তবে প্রয়োজন অনুযায়ী যেকোনো ধরনের দল গড়ার মতো পরিস্থিতি যে আছে, সেটাও জানিয়ে রেখেছেন তিনি, ‘আমাদের বর্তমান এই দলে একটা ভারসাম্য আছে। আমরা নয়জন ব্যাটসম্যান নিয়েও খেলতে পারি, তিনজন পেসার নিয়েও খেলতে পারি। সেই সামর্থ্য আমাদের আছে।’
সত্যিই, দারুণ একটা সময়ই কাটাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। দলে জায়গা করে নেওয়ার জন্য চলছে জোর লড়াই। টেস্ট স্পেশালিস্টের তকমা নিয়েও প্রথম একাদশে জায়গা মিলছে না মুমিনুল হকের মতো ক্রিকেটারের। ব্যাপারটা কোচ-অধিনায়কের জন্য উপভোগ্যও বটে। অধিনায়ক মুশফিকও ব্যাপারটাকে বিবেচনা করছেন একটা ‘সুস্থ প্রতিযোগিতা’ হিসেবে। সেই ‘প্রতিযোগিতা’য় শেষপর্যন্ত কারা উত্তীর্ণ হতে পারবেন, তা জানার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে বাংলাদেশের দল ঘোষণা পর্যন্ত।
মুশফিক বাহিনীর সামনে টেস্টে অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশের সুবর্ণ সুযোগ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে জিততে পারলেই ব্যাস! সাফল্যের নতুন ইতিহাস রচিত হবে। ক্রিকেট বিশ্ব দেখবে-জানবে টাইগারদের গর্জনে, শৌর্য্য-বীর্য্যে ধরাশায়ী স্মিথের দল।
এ রকম অবস্থায় কী ভাবছেন টাইগাররা? মুশফিক, তামিম, সাকিব, মিরাজ ও তাইজুলদের মনের অবস্থা কী? অজিদের তুলোধুনো করার চিন্তায় মশগুল তারা? নাকি অস্ট্রেলিয়ার মতো দলকে টেস্টে প্রথম হারানোর আনন্দে আত্মহারা মুশফিক বাহিনী আত্মতৃপ্তির ঢেকুর তুলছেন?
ভক্ত-সমর্থক ও ক্রিকেট অনুরাগীদের কৌতূহলী প্রশ্নের এখানেই শেষ নেই। আরও আছে। কী জানি সাফল্যের অমন সম্ভাবনার সূর্য যদি হঠাৎ ডুবে যায়- মুশফিক, সাকিব ও তামিমরা আবার বাড়তি চাপ নিয়ে ফেলেননি তো? মনের মাঝে এমন দুশ্চিন্তা বাসা বাঁধেনি তো? কেউ কেউ এমনও ভাবছেন।
আবার আরেক পক্ষর কথা, অস্ট্রেলিয়া সব সময়ই কঠিন প্রতিপক্ষ। সহজে হার মানতে চায় না। কী জানি ঢাকার হারের চাপ সামলে উল্টো চট্টগ্রামে যদি ঘুরে দাঁড়ায় স্মিথের দল? টাইগার-ভক্তদের এমন কৌতূহলী প্রশ্নমালা আর গুঞ্জন ও জল্পনা-কল্পনার জবাব দিয়েছেন মুশফিক নিজেই।
আজ দুপুরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কনফারেন্স হলে সংবাদ সন্মেলনে কথা বলতে এসে অনেক কথার ভিড়ে টাইগার অধিনায়ক পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তার দল এখন ঠিক কোথায় দাঁড়িয়ে? কী ভাবছে? কী চিন্তা করছে? কেমন লক্ষ্য ও পরিকল্পনায় কাল সোমবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্তমান সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button