শিক্ষা

ঢাবিতে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে নিয়োগ পেয়েছেন ড. মুনতাসীর মামুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ইতিহাস বিভাগে ‘বঙ্গবন্ধু চেয়ার’ পদে এক বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রখ্যাত ইতিহাসবিদ অধ্যাপক ড. মুনতাসীর মামুন। তিনি এই পদে থেকে ‘বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ নিয়ে গবেষণা করবেন। গত ১৬ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সভায় তাকে এই পদের জন্য নিয়োগ প্রদান করা হয়েছে।
অধ্যাপক মুনতাসীর মামুনের জন্ম ১৯৫১ সালের ২৪ মে ঢাকায়। তিনি ১৯৬৬ সালে এসএসসি এবং ১৯৬৮ সালে এইচএসসি পাশ করেন। ১৯৭২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগ থেকে বিএ (অনার্স) এবং ১৯৭৪ সালে এমএ ডিগ্রী লাভ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৮৩ সালে পিএইচ ডি ডিগ্রী অর্জন করেন।
অধ্যাপক মুনতাসীর মামুন ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগে প্রভাষক হিসেবে যোগদান করেন ১৯৭৪ সালের ৩১ অক্টোবর। তিনি ১৯৮০ সালের ১ ফেব্রুয়ারি সহকারী অধ্যাপক, ১৯৮৬ সালের ২৫ ডিসেম্বর সহযোগী অধ্যাপক এবং ১৯৯১ সালের ১৮ ফেব্রুয়ারি অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সাউথ এন্ড সাউথ-ইস্ট এশিয়ান স্টাডিজ-এ ‘ইনসাইড ব্যুরোক্রেসি : বাংলাদেশ’ শীর্ষক গবেষণা সম্পন্ন করেন ১৯৮৪ সালে ।
অধ্যাপক মুনতাসীর একজন লেখক, শিক্ষাবিদ ও ইতিহাসবিদ হিসেবে সর্বজন পরিচিত। ঢাকা শহর এবং ঢাকার ইতিহাস নিয়ে তিনি গবেষণা করেছেন। তার প্রকাশিত গ্রন্থের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে- লাইফ এন্ড সোসাইটি ইন ইস্ট বেঙ্গল : ১৮৫৭-১৯০৫, (১৯৮৬); ঊনিশ শতকের পূর্ব বাংলা (১৯৮৬), কালীপ্রসন্ন ঘোষ (১৯৮৯), পুরান ঢাকা (১৯৮৯) ইত্যাদি। বাসস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button