বন্যা দেখিয়ে বিদেশি সাহায্য আনলেও জনগণ পাচ্ছে না: বি চৌধুরী

সংবাদদাতা, শিবালয় (মানিকগঞ্জ) : বিকল্প ধারা বাংলাদেশ সভাপতি সাবেক রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, জনগণের টাকা নিয়ে সরকার এ বছর প্রায় চার লাখ কোটি টাকার বাজেট ঘোষণা করলেও বন্যার্তদের মাঝে ত্রাণ দিতে পারেনি। সরকার বন্যার্তদের কথা বলে ও ছবি দেখিয়ে বিদেশ থেকে যে সাহায্য এনেছে তা জনগণের মাঝে দেয়া হয়নি।
তিনি বলেন, ‘আমরা বন্যার্তদের খোঁজ খবর জানতে এসে সামান্য ত্রাণ সামগ্রী নিয়ে এসেছি। আমাদের তুলনায় সরকারের হাতে অনেক বেশি টাকা থাকলেও তা বন্যার্তদের দেয়া হচ্ছে না।’
জানা গেছে, মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা তীরবর্তী গঙ্গপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে শুক্রবার বিকেলে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় উপস্থিত ছিলেন গণ ফোরাম সভাপতি ড. কামাল হোসেন, বিকল্প ধারা মহাসচিব মেজর (অব.) এমএ মান্নান, গন ফোরাম নির্বাহী সভাপতি সাবেক এমপি মফিজুল ইসলাম খান কামাল, জগলুল হায়দার আফরিদ, সাইদুর রহমান, মোস্তাক আহমেদ, সফিক উল্লাহ, আমিনুর রহমান অঞ্জন প্রমুখ।
এসময় বক্তৃতায় ড. কামাল হোসেন বলেন, কোন রাজা বা রাণী এ দেশে মালিক নয়। প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণ। তাদের কথায় দেশ চলবে। ইতোমধ্যে বৃহত্তর ঐক্যের ডাক দেয়া হয়েছে। জনগণের ঐক্যবদ্ধর কাছে পৃথিবীর অনেক অপশক্তিকে মাথানত করতে দেখেছি। বন্যার্তদের খোঁজ খবর নিয়ে অচিরেই বৃহত্তর কর্মসূচী দেয়া হবে।




