এসএসএফের প্রতি প্রধানমন্ত্রী, নিরাপত্তার নামে তাঁকে যেন জনগণ থেকে বিচ্ছিন্ন করা না হয়
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণকেই তাঁর মূল শক্তি এবং অনুপ্রেরণার উৎস্য উল্লেখ করে নিরাপত্তার নামে তাঁকে যেন জনবিচ্ছিন্ন করা না হয় সে বিষয়ে সচেষ্ট থাকার জন্য এসএসএফ সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, ‘এসএসএফ-এর সদস্যরা যারা আমাদের নিরপত্তায় নিয়োজিত তাদের এটুকুই বলবো- আমাদের মানুষ নিয়েই কাজ। সেই মানুষ থেকে যেন আমরা বিচ্ছিন্ন না হয়ে যাই সেই দিকটায় একটু ভালভাবে দৃষ্টি দিতে হবে।’
প্রধানমন্ত্রী আজ স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)-এর ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাঁর কার্যালয়ে অনুষ্ঠিত দরবারে প্রধান অতিথির ভাষণে একথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আমরা রাজনীতি করি জনগণকে সাথে নিয়ে আর আমাদের যদি জনগণ থেকে আলাদা করে ফেলা হয় তাহলে ঐ যে বলে না জলের মাছকে যদি ডাঙ্গায় তুলে ফেলে দেয়া হয় তাহলে কিন্তু তারা দাবরিয়ে দাবরিয়ে মরে যায়। আমাদের অবস্থাও কিন্তু সেরকম হয়।’
প্রধানমন্ত্রী বলেন, ‘১৯৭৫ এ বাবা-মা-ভাইদের হারিয়ে যখন একেবারে নিঃশ্ব হয়ে পড়ি তখন এই জনগণের ভালবাসাই আমাকে শক্তি যোগায় নতুন করে বাঁচার প্রেরণা দেয়। এটা সব সময় কিন্তু মাথায় রাখতে হবে।’
এসএসএফ-এর মহাপরিচালক মো. শফিকুর রহমান অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা প্রদান করেন। প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক ও মুখ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরী এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন। মন্ত্রী পরিষদ সদস্যবৃন্দ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, সংসদ সদস্যবৃন্দ, তিনবাহিনী প্রধানগণ, সরকারের উর্ধ্বতন কর্মকর্তবৃন্দ, বিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক মিশনের সদস্যবৃন্দ এবং উন্নয়ন সহযোগী দেশের প্রতিনিধিবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রেসিডেন্ট সিকিউরিটি ফোর্স নামে ১৯৮৬ সালে বর্তমানের এসএসএফ গঠিত হয়। সরকার প্রধান, রাষ্ট্র প্রধান এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিবরর্গের নিরাপত্তা বিধানই এই বাহিনীর দায়িত্ব। পরে এই বাহিনীর নাম হয় এসএসএফ।
প্রধানমন্ত্রী বলেন, আমরা মানুষের জন্যই কিন্তুু কাজ করি। আমার ওপর যখন গ্রেনেড হামলা হয়েছে আমার সাথে থাকা মানুষগুলি সেই মানব ঢাল রচনা করেই কিন্তুু আমাকে রক্ষা করেছে। তবে, আমি সব সময় এটাই বিশ্বাস করেছি আল্লাহ মানুষকে সবসময় কিছু কাজ দেন সেই কাজটা শেষ না হওয়া পর্যন্ত বোধ হয় আল্লাহই রক্ষা করে যান। নইলে একবারে মুখোমুখি আমি দেখেছি-গুলি চলছে। এক বার দুবার নয়, বারবার। আমার গাড়ির ওপর বোমা মারা হয়েছে। আর গ্রেনেড হামলাতো প্রকাশ্য দিবালোকে হয়েছে, সবাই দেখেছে। ট্রেনে গেছি সেখানে হামলা এবং গুলি এমন কি পাথর পর্যন্ত ছুঁড়ে মারা হয়েছে। এভাবে বহুবার বহু ঘাত প্রতিঘাতের মধ্যদিয়েই এগিয়ে যেতে হয়েছে। আল্লাহ যেভাবেই হোক প্রতিবার আমাকে বাঁচিয়ে দিয়েছেন।
শেখ হাসিনা বলেন, আমার নিজের জন্য যতটা না চিন্তা হয় এজন্য আমার নিরাপত্তার জন্য যারা থাকেন তাদের জন্য সব থেকে বেশি চিন্তা হয়। যে কারণে আমি প্রতিদিন প্রতিবার নামাজ পড়ে যখন দোয়া করি- আমার ছেলে-মেয়ে-সন্তানের জন্য যেমন দোয়া করি, দেশবাসীর জন্য দোয়া করি, সেই সাথে সাথে আমার জন্য যারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন তাদের জন্যও আমি সবথেকে বেশি দোয়া করি।
প্রধানমন্ত্রী বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটুকুই চাই এই ক্ষমতাটা আমার ভোগের নয়, ক্ষমতাটা হলো দেশের কাজের। আমি যেন সঠিকভাবে সঠিক চিন্তা করে দেশের মানুষের ভাগ্য গড়তে পারি। খোদা যেন আমাকে সেই শক্তি দেন। আর আমার সাথে যারা কর্মরত শুধু আমার নিরাপত্তার জন্য নয়, আমার সাথে যারা কাজ করেন সকলকেই যেন আল্লাহ হেফাজত করেন সকলকেই যেন নিরাপদ রাখেন এবং সকলকেই যেন সঠিকভাবে কাজ করার সুযোগ দেন এবং সকলের আশা-আকাঙ্খাই যেন পূরণ হয় এই দোয়া আমি প্রতিদিন সকলের জন্যই করে থাকি।
তিনি বলেন, আমি অনেক সময় অনেক কিছু মেনে চলি কারণ যখন চিন্তা করি আমি হয়তো বেঁচে যাব-আমাকে আল্লাহ যেটুকু কাজ দিয়েছেন সেটুকু হয়তো করবো কিন্তুু সাথে যারা থাকে (নিরাপত্তায়) তারা যেন বিপদে না পড়ে। নইলে আমি সমগ্র বাংলাদেশ ঘুরেছি। আর বিরোধী দলে থাকতে আমাকে এতটা নিরাপত্তা কে দেবে। যেটুকু নিরাপত্তা ছিল তা যারা ক্ষমতায় এসেছিল তারাতো কেড়ে নেয়। কাজেই আমি আমার পার্টির মানুষ, গ্রামের লোকজন তাদেরকে নিয়ে চলেছি। গ্রামের সাধারণ মানুষের অবস্থা আমার জানা আছে। বার বার যখন আঘাত এসেছে দেখেছি, কিছু না কিছু মানুষের জীবন চলে গেছে। কাজেই সেজন্যই সবসময় এটা মনে হয়।
প্রধানমন্ত্রী বলেন, আমরা যখন জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করি তখন সংবিধানকে অনুসরণ করেই আমরা সরকার পরিচালনা করি। যার শুভ ফলটা দেশের মানুষ ও জনগণ পাচ্ছে। বাসস




