আন্তর্জাতিক সংবাদ

দুর্নীতির দায়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড

দুর্নীতির মামলায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভাকে সাড়ে নয় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার ব্রাজিলের একটি আদালত এ দণ্ড দেন।
তবে এই দণ্ডাদেশের বিরুদ্ধে তার করা আপিলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মুক্ত থাকতে পারবেন লুলা।
২০১১ সাল পর্যন্ত টানা আট বছর ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালন করেছেন লুলা। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচনে বামপন্থি ওয়ার্কার্স পার্টির প্রার্থী হয়ে ফের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছিলেন তিনি।
কিন্তু রাষ্ট্রীয় তেল কোম্পানির ঠিকাদারি কাজ পেতে সহায়তা করে ইঞ্জিনিয়ারিং ফার্ম ওএএস এর কাছ থেকে ঘুষ হিসেবে সমুদ্রতীরবর্তী বিলাসবহুল একটি অ্যাপার্টমন্টে গ্রহণ করার দায়ে বুধবার তাকে দোষী সাব্যস্ত করেছেন এক বিচারক।
রায় ঘোষণার পর এক বিবৃতিতে লুলার আইনজীবী তাকে নির্দোষ দাবি করে রায়ের বিরুদ্ধে আপিল করবেন বলে জানিয়েছেন।
ওয়ার্কার্স পার্টির প্রধান সিনেটর গ্লেইসি হফমানও রায়ের সমালোচনা করেছেন। প্রেসিডেন্ট নির্বাচনে লুলার প্রার্থীতা ঠেকানোর পরিকল্পনাতেই এমনটি করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।
আদালতের এই রায়ের বিরুদ্ধে তার দল প্রতিবাদ করবে বলে জানিয়েছেন তিনি।
রিও ডি জেনিরো থেকে বিবিসির প্রতিনিধি কেটি ওয়াটসন জানিয়েছেন, লুলা এখনও জনপ্রিয় একজন রাজনীতিক এবং তার বিরুদ্ধে আদালতে এ রায় ব্রাজিলকে গভীরভাবে বিভক্ত করে তুলবে।
স্টিল মিলের সাবেক কর্মী লুলা ট্রেড ইউনিয়নের নেতা হিসেবে রাজনীতিতে আসেন এবং প্রায় অর্ধশতাব্দির মধ্যে ব্রাজিলের প্রথম বামপন্থি নেতা হিসেবে প্রেসিডেন্ট নির্বাচিত হন। ক্ষমতায় থাকাকালে তিনি ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় প্রেসিডেন্ট ছিলেন।
সাংবিধানিক ব্যধবাধকতার কারণে পরপর তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট প্রার্থী হতে পারেননি লুলা। তার বদলে ঘনিষ্ঠ মিত্র দিলমা রৌসেফ দলীয় প্রার্থী হয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। পরে অভিসংশিত হয়ে ক্ষমতা হারান তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button