বুমরার নো বল, ফাখরের নতুন জীবন

চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের নায়ক তিনি। দুরন্ত শতরান করে পাকিস্তানকে জিতিয়েছেন ফাখর জামান।
কিন্তু বুমরার বলে তো ব্যক্তিগত ৩ রানের মাথায় ধোনির হাতে তালুবন্দি হয়েছিলেন পাক ওপেনার। বলটা নো হওয়ায় জীবন ফিরে পান ফাখর। বাকিটা ইতিহাস। এই নো বলের জন্য বুমরার সমালোচনা এখনও হয়ে চলেছে। কিন্তু ফাখর? আউট হওয়ার পর তার কী মনে হয়েছিল? তখনো তো তিনি জানতেন না যে বলটা নো। চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালের এক সপ্তাহ পর তা নিয়ে মুখ খুললেন ফাখর। তিনি বলেছেন, ‘যখন আউট হয়ে গেলাম, আমার হৃৎস্পন্দন বন্ধ হয়ে গিয়েছিল। মাথা নিচু করে হাঁটতে শুরু করেছিলাম ড্রেসিংরুমের দিকে। সমস্ত আশা ও স্বপ্ন তখন ভেঙে চুরমার। এইভাবে আউট হওয়ায় নিজেকে ক্ষমা করতে পারছিলাম না। বড় ইনিংস খেলার ইচ্ছা ছিল। কিন্তু তা হলো না। ঠিক তখনই আম্পায়াররা আমাকে অপেক্ষা করতে বলে। সঙ্গে সঙ্গে আমার মনে নতুন আশার সঞ্চার হয়। মনে হচ্ছিল নতুন জীবন পেলাম। মনে এল বিশ্বাস। দিনটা হয়ত আমারই।’




