ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উ. কোরিয়া

আবারো ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার স্থানীয় সময়ে সকাল সোয়া ৬টার দিকে ওনসেন নগরীর কাছে কয়েক দফা জাহাজ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায় দেশটি। দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ কথা জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার কর্তৃপক্ষ বলছে, ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য ক্ষুদ্রপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে। ক্ষেপণাস্ত্রগুলো ২০০ কিলোমিটার পাড়ি দিয়ে সাগরে পড়েছে।
গত মাসের ২৯ তারিখে শেষ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। সাড়ে চার শ’ মাইল পাড়ি দিয়ে জাপান সাগরে পড়েছিল সে ক্ষেপণাস্ত্র। জাতিসঙ্ঘ নিষেধাজ্ঞা উপেক্ষা করে চলতি বছর উত্তর কোরিয়া অব্যাহত ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। সব পরীক্ষা সফল না হলেও তা আন্তর্জাতিক ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করছে। সামরিক বিশ্লেষকরা ধারণা করেন, এ সব পরীক্ষার মাধ্যমে দেশটি পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র তৈরির দিকে এগিয়ে চলছে।



