পতাকা ডেস্ক: ডেট লাইন দিয়ে রাজনৈতিক নাটক সাজানো আওয়ামী লীগের পুরোনো অভ্যাস।আওয়ামী লীগের চলমান অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) উদ্যোগে আজ রাজধানীর বিজয়নগরস্থ বিজয়-৭১ চত্বরে বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ এ মন্তব্য করেন।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাতুল্লাহ টুটুলের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক সেলিম খান, কর্মসংস্থান বিষয়ক সম্পাদক সফিউল বাশার এবং সহ-সাংগঠনিক সম্পাদক (ঢাকা) শাহজাহান বেপারী।
ব্যারিস্টার ফুয়াদ বলেন,আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাস প্রসঙ্গে ব্যারিস্টার ফুয়াদ বলেন, আওয়ামী লীগের রাজনীতিতে অগ্নিসন্ত্রাস ও মানুষ পুড়িয়ে মারার ইতিহাস রয়েছে। ২০০৪ সালের ৩০ এপ্রিল সরকার পতনের নাটক সাজানোর চেষ্টা করা হয়েছিল। সে সময় মাসের পর মাস গাড়িতে আগুন দেওয়া ও জ্বালাও পোড়াও এর ঘটনা ঘটনা ঘটেছিলো। প্রশিকার কর্মীদের ঢাকায় নিয়ে আসা হয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত রাজধানীতে তৎকালীন সরকারের পতন ঘটাতে পারেনি। বরং আওয়ামী লীগের রাজনীতিতে নির্দিষ্ট তারিখ সামনে রেখে নানা ধরনের রাজনৈতিক নাটক মঞ্চস্থ করার নজির রয়েছে।
আওয়ামী লীগের রাজনৈতিক প্রত্যাবর্তন প্রসঙ্গে তিনি বলেন, ২০২৫ সালের আগস্টে ফিরে আসার নানা ঘোষণা দেওয়া হলেও ডিসেম্বরে তা বাস্তবায়িত হয়নি। ২০২৬ সালের নির্বাচন বাধাগ্রস্ত করার যে বক্তব্য ও প্রচেষ্টা ছিল, সেটিও সফল হয়নি বলে তিনি মন্তব্য করেন। তিনি বলেন, শেখ হাসিনা জীবিত কিংবা মৃত,কোনো অবস্থাতেই আর বাংলাদেশে ফিরতে পারবেন না।
ব্যারিস্টার ফুয়াদ সরকারকে উদ্দেশ্যে করে বলেন, জাতীয় ঐক্যের কথা বারবার বলা হচ্ছে, আমাদের তো জাতীয় ঐক্য ছিলো কিন্তু কেন জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তা-ও খতিয়ে দেখতে হবে। আপনারা ৩১ দফার সঙ্গে বরখেলাপ করছেন,বেগম খালেদা জিয়ার দেওয়া ওয়াদা রক্ষা করছেন না, জুলাই সনদ বাস্তবায়ন করছেন না,আপনাদের ইশতেহারের সঙ্গে বরখেলাপ করেছেন, এমনকি গণভোটের গণরায়কেও বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন।
তিনি বলেন, নিজেদের আত্মসমালোচনা করুন। প্রধানমন্ত্রীর জাতীয় ঐক্যের আহ্বানকে আমরা স্বাগত জানাই। তবে যেসব নেতার বক্তব্য ও কর্মকাণ্ডের কারণে জাতীয় ঐক্য বিনষ্ট হয়েছে, তাঁদের চিহ্নিত করতে হবে। আওয়ামী লীগ ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই।আওয়ামী ফ্যাসিবাদীদের বিচার নিশ্চিত করতে হবে।প্রয়োজনে নাৎসী বাহিনীকে কিভাবে আইনের আওতায় নিয়ে এসেছিলো সেটি দেখুন।গণতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ প্রতিরোধ আইন প্রণয়ন করতে হবে। ইতিহাসের মানদণ্ডে তাদের অপরাধের বিচার করুন। এ ক্ষেত্রে আমরা সহযোগিতা করতে প্রস্তুত।
তিনি আরও বলেন, বিজিবি সদস্যদের ওপর হামলা,পুলিশের উপর হামলা, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর ও থানা পুড়িয়ে দেওয়ার মতো ঘটনাগুলো দেশের আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক।অথচ পুলিশ হত্যা নিয়ে আমরা আওয়ামী লীগকে মায়াকান্না করতে দেখি। আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সহিংসতার এসব অভিযোগের একটি ধারাবাহিকতা রয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন দলের শ্রমবিষয়ক সম্পাদক শাহ আব্দুর রহমান, ছাত্রপক্ষের সভাপতি মোহাম্মদ প্রিন্স, ঢাকা মহানগর উত্তরের সদস্যসচিব সামিউল ইসলাম সবুজ, সহকারী প্রচার সম্পাদক আজাদুল ইসলাম আজাদ, রিপন মাহমুদ, সহকারী দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু, সহ-সাংস্কৃতিক সম্পাদক আব্দুর রব জামিল, নরসিংদীর সমন্বয়ক কাজল মিয়া, এবি পেশাজীবী কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজার রহমান, রমনা থানার আহ্বায়ক আব্দুল কাদের মুন্সী, যাত্রাবাড়ী থানার আহ্বায়ক মিয়া সুলতান আরিফ, মিরপুর মডেল থানার আহ্বায়ক মনিরুজ্জামান এবং বরিশালের নেতা জাকির হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


