খেলা

রাজশাহীর জয়ে নতুন হিসাব-নিকাশ

বিপিএলে শনিবারের দ্বিতীয় ম্যাচে চিটাগং ভাইকিংসকে ৬ উইকেটে হারিয়ে টুর্নামেন্টের হিসাব-নিকাশ জটিল করে তুলেছে রাজশাহী কিংস। নিজেদের সুপার ফোরের সম্ভাবনা বাঁচিয়ে রাখার পাশাপাশি চিটাগং ও খুলনার টুর্নামেন্ট ভাগ্য ঝুলিয়ে দিয়েছে ড্যারেন স্যামির দল। আগামীকাল লিগ পর্বের শেষ দিনের দুই ম্যাচের ওপর নির্ভর করবে কোন তিনটি দল পরের রাউন্ডে ঢাকা ডায়নামাইটসের সঙ্গী হবে।
মিরপুরে আজ আগে ব্যাট করে রাজশাহীর অভিষিক্ত স্পিনার আফিফ হোসেনের তোপের মুখে পরে তামিম ইকবালের দল। মাত্র ২১ রানে পাঁচ উইকেট নিয়েছে অনুর্ধ-১৯ দলের এই ক্রিকেটার। যার ফলে বড় স্কোর পায়নি চট্টগ্রাম। ইনিংসের পঞ্চম ওভারে বল হাতে নিয়ে প্রথম ওভারেই জহিরুল ইসলামের উইকেট নেন আফিফ। আর নিজের দ্বিতীয় ওভারে সাজঘরে ফেরান ক্যারিবীয় ব্যাটিং দানব ক্রিস গেইলকে। ১৫ বলে ৫ রান করে বোল্ড হয়েছেন গেইল। রাজশাহীর বোলারদের দাপটে রীতিমত কোনঠাসা ছিল চট্টগ্রামের ব্যাটসম্যানরা। তবে দলের পক্ষে ধ্বংসস্তুপে দাড়িয়ে একাই লড়াই করেছেন পাকিস্তানি অল রাউন্ডার শোয়েব মালিক। মালিকে ৫৪ বলে অপরাজিত ৬৭ রানের ইনিংসে দলীয় রান একশো পার হয়েছে বন্দর নগরীর দলটির।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের অল রাউন্ডার জেমস ফ্রাঙ্কলিনের ঝড়ো ব্যাটিংয়ে ৩৭ বল বাকি থাকতেই ৬ উইকেটের জয় পায় রাজশাহী। মাত্র ২৭ বলে ৪ ছক্কা ও ৫ চারে অপরাজিত ৬৩ রান করে ফ্রাঙ্কলিন। এছাড়া ওপেনার মমিনুল হক করেন ২১ রান।
আজকের ম্যাচে জিতলে সুপার ফোর নিশ্চত হয়ে যেত চিটাগং ভাইকিংসের। সেই সাথে বিদায় হতো রাজশাহীর। কিন্তু রাজশাহীর জয়ের ফলে এখন পাল্টে গেল টুর্নামেন্টের সমীকরণ। কোন চার দল যাবে সুপার ফোরে সেটি জানতে হলে অপেক্ষা করতে হবে রোববারের দুটি ম্যাচের ফলাফলের জন্য।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button