শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ৫৯ বিজিবির পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (০৫ নভেম্বর) রাত ৮টার দিকে চকপাড়া বিওপি হতে একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার ১৮৩/৪-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
একই দিন সন্ধ্যা পৌনে ৭টার দিকে সোনামসজিদ বিওপির টহলদল সীমান্ত মেইন পিলার ১৮৮ হতে আনুমানিক ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে শাহবাজপুর ইউনিয়নের কামালপুর গ্রামে অভিযান চালিয়ে পরিত্যক্ত ৩৭০ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ আটক করা হয়।
বৃহস্পতিবার রাত ১২ টার দিকে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল কাজী আল-আমিন অপু বিষয়গুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

