মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: রংপুরের বদরগঞ্জ ও ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ১ হাজার ৬৪৮ পিস ইয়াবা, ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ২ বোতল পিকেড্রিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৩ (এসআরবি-১৩)।
শুক্রবার (২৩ অক্টোবর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ১০টা ১৫ মিনিটে রংপুরের বদরগঞ্জ থানার গোপীনাথপুর ডাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর গাইবান্ধা ক্যাম্পের একটি দল। এ সময় একটি মোটরসাইকেল তল্লাশি করে ২৯৮ পিস ইয়াবা ও ১১ হাজার ১৭১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মোটরসাইকেল চালক মোঃ খাদেমুল ইসলাম ওরফে রিপন (৪৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার গুলশান নগর গ্রামে।
অন্যদিকে, শুক্রবার (২৩ অক্টোবর) রাত ১টা ১০ মিনিটে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার দুর্গাপুর গ্রামে অভিযান চালায় এসআরবি-১৩-এর দিনাজপুর ক্যাম্পের একটি দল। এ সময় ১ হাজার ৩৫০ পিস ইয়াবা ও ২ বোতল পিকেড্রিল উদ্ধার করা হয়। এ ঘটনায় মোঃ বেল্লাল হোসেন (২৮) ও তাঁর স্ত্রী মোছাঃ নাজমিন নেহার নিশি (২৬)-কে গ্রেপ্তার করা হয়।
এসআরবি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের ও উদ্ধার করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।