sliderস্থানিয়

ঠাকুরগাঁও-১ আসনে ধানের শীষের পক্ষে বিসিডিএসের প্রচারণা

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও-১ শূন্য আসনের উপনির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মির্জা ফয়সল আমিনের পক্ষে ‘ধানের শীষ’ প্রতীকের প্রচারণা ও র‍্যালি করেছে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) ঠাকুরগাঁও জেলা শাখা।

শুক্রবার (২৩ অক্টোবর) ঠাকুরগাঁও শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক, হাসপাতাল গেট, আমতলী, ঠাকুরগাঁও চৌরাস্তা ও কালীবাড়ি এলাকা প্রদক্ষিণ করে মির্জা ফয়সল আমিনের বাসভবনের সামনে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন বিসিডিএস ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি ডা. ইহসানুল ইসলাম ইহসান। র‍্যালি শেষে বিসিডিএসের কার্যালয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, বিসিডিএসের সিনিয়র সহসভাপতি হাকিম মো. আনসারুল হক ও মির্জা আবু তাহের, রুহিয়া উপজেলা বিসিডিএসের সভাপতি মো. ফারুক হোসেন, ভূল্লী উপজেলার প্রতিনিধিসহ ঠাকুরগাঁওয়ের বিভিন্ন এলাকার ঔষধ ব্যবসায়ীরা।

আলোচনা সভায় বিসিডিএস জেলা শাখার সভাপতি ডা. ইহসানুল ইসলাম ইহসান বলেন, ঠাকুরগাঁওয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সমিতির পক্ষ থেকে এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রচারণায় অংশ নেওয়া ঔষধ ব্যবসায়ীদের বিএনপির পক্ষে অতিরিক্ত ভোট নিশ্চিত করতে কাজ করার আহ্বান জানান তিনি। ঠাকুরগাঁওয়ের সাড়ে পাঁচ লাখের বেশি ভোটারের মধ্যে তাঁদের প্রচেষ্টায় ৫০ হাজার অতিরিক্ত ভোট পাওয়ার আশাবাদও ব্যক্ত করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে ঠাকুরগাঁও চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরিফুল ইসলাম শরীফ বলেন- ঠাকুরগাঁওয়ের কৃতী সন্তান মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই মির্জা ফয়সল আমিনকে সংসদ সদস্য হিসেবে দেখতে চান।

তিনি আরও বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, বিমানবন্দর, ইঞ্জিনিয়ারিং কলেজ, বিসিক ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাসহ বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে মির্জা ফয়সল আমিনের হাতকে শক্তিশালী করতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়নে দলমত নির্বিশেষে তাঁর পক্ষে কাজ করার আহ্বান জানান তিনি।

বিসিডিএস জেলা শাখার সভাপতি ডা. ইহসানুল ইসলাম ইহসানের সৌজন্যে ও সার্বিক তত্ত্বাবধানে এ প্রচারণা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় ঔষধ ব্যবসায়ীরা অংশ নেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button