sliderস্থানিয়

শিবগঞ্জে বাধা দেয়ায় সাড়ে ৯ কোটি টাকার ড্রেন নির্মাণকাজ বন্ধ, দুর্ভোগ চরমে

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: সরকারি কাজে বাধা দেয়ায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার একাডেমি মোড় হতে দেবীনগর পর্যন্ত প্রায় ২ হাজার ১০০ মিটারের দীর্ঘ একটি ড্রেন নির্মাণকাজ ছয় মাস ধরে বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছে পথচারী ও স্থানীয়রা।

সরজমিনে গিয়ে দেখা গেছে, অনেক সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, স্কুল-কলেজ, ব্যাংকে যাতায়াতের সড়ক এটি। ড্রেনের নির্মাণকাজ বন্ধ থাকায় চলাচলকারী হাজারো মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। স্থানীয়রা জানায়, এ রাস্তায় দিয়ে রয়েছে থানা-হাসপাতাল, সরকারি উচ্চ বিদ্যালয়-কলেজ, উপজেলা পরিষদ, উপজেলা সাব রেজিস্ট্রার অফিস, সোনালী ব্যাংক, বীমা অফিস, এতিমখানা ও দাখিল মাদ্রাসা-মসজিদ। এ রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করছে। এমনকি গর্ত খুঁড়ে রাখায় বৃষ্টির কারণে ব্যবসা-বাণিজ্যে বিঘ্ন ঘটছে। দ্রুত ড্রেন নির্মাণকাজ সম্পন্ন করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের।

পৌর কর্তৃপক্ষ জানায়, জলাবদ্ধতা নিরসনে প্রায় দুই বছর আগে ড্রেন নির্মাণ কাজ শুরু করে ঠিকাদারী প্রতিষ্ঠান। কিন্তু স্থানীয় তিন ব্যক্তি সরকারি কাজে বাধা দেয়ায় গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে ড্রেন নির্মাণকাজ। ২ হাজার ১০০ মিটারের মধ্যে প্রায় ৩০০ মিটার অংশের কাজ বর্তমানে বাকি রয়েছে। আইইউজিআইপি প্রকল্পের আওতায় নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে প্রায় ৯ কোটি ৩৩ লাখ টাকা।
ঠিকাদার জাহাঙ্গীর আলম বলেন, নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছালেও তিনজন বাসিন্দা পৌরসভার নির্ধারিত জায়গায় মাটি কাটতে বাধা দেওয়ায় কাজ এগিয়ে নেয়া অসম্ভব হয়ে পড়েছে। পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিলে অবশিষ্ট অংশের কাজ দ্রুত সম্পন্ন করা হবে।

এদিকে কাজে বাধাদানকারী স্থানীয় বাসিন্দা মাহবুর ও আলিমকে পাওয়া যায়নি। আরেক বাসিন্দা সাইদুল ইসলাম বলেন, আমার বাড়ির মধ্যে ৪-৫ ফিট পৌরসভার জায়গা আছে। আমার দেয়াল থেকে কিছুটা দূরে সরিয়ে ড্রেন নির্মাণ করা হলে বাড়িঘর নিরাপদ থাকবে। এ কারণে তারা আপত্তি জানিয়েছেন।

শিবগঞ্জ পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, ড্রেন করতে গিয়ে পৌরসভায় জায়গায় কয়েকজনের বাড়ি ও একটি মসজিদের কিছু অংশ রয়েছে। স্থানীয় বাসিন্দদের সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করে দ্রুত ড্রেন নির্মাণকাজ শেষ করা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button