মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার দুর্গাপূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত আনসার ও ভিডিপি সদস্যদের এক বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ২৩টি পূজা মণ্ডপের নিরাপত্তা রক্ষায় এ বছর সেকশন কমান্ডার ও সহকারী সেকশন কমান্ডারসহ সর্বমোট ১৪০ জন আনসার ও ভিডিপি সদস্য নিয়োজিত থাকবেন।
১৫ অক্টোবর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের যৌথ উদ্যোগে এই ব্রিফিং সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনসার সদস্যদের গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহনাজ পারভীন। তিনি মণ্ডপগুলোতে যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কারিগরি ও মাঠপর্যায়ের কৌশল নিয়ে আলোচনা করেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক। এছাড়া উপস্থিত আনসার সদস্যদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে বিস্তারিত ব্রিফ করেন কাজিপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নুসরাত জাহান তিথি।
ব্রিফিংয়ে পূজা মণ্ডপে দায়িত্ব পালনকালীন আনসার ও ভিডিপি সদস্যদের জন্য সাধারণ নির্দেশনাবলি এবং কড়া ‘করণীয় ও বর্জনীয়’ বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কর্তব্যরত অবস্থায় সদা সতর্ক থাকা, স্থানীয় প্রশাসন ও থানা পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা এবং দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে সদস্যদের বিশেষ তাগিদ দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শারদীয় দুর্গাপূজা উৎসব যেন উৎসবমুখর এবং শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হতে পারে, সেজন্য এই ১৪০ জন আনসার সদস্য পূজা শেষ হওয়া পর্যন্ত দিন-রাত মণ্ডপগুলোর নিরাপত্তায় নিয়োজিত থাকবেন।