মাইলফলকের সামনে দাঁড়িয়ে মুশফিকুরের গর্ব

বাংলাদেশের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে টেস্টে ৫০তম ম্যাচের মাইলফলকের সামনে দাঁড়িয়ে অধিনায়ক মুশফিকুর রহিম। শুক্রবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামলেই এই মাইলফলক স্পর্শ করবেন মুশি। এর আগে এই তালিকায় নাম লিখিয়েছেন মোহাম্মদ আশরাফুল ও হাবিবুল বাশার। দেশের হয়ে আশরাফুল ৬১টি ও হাবিবুল ৫০টি টেস্ট খেলেছেন।
২০০৫ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারে প্রথম টেস্ট খেলতে নামেন মুশফিক। এরপর গেল ১১ বছরে আরও ৪৮টি টেস্ট খেলেছেন তিনি। ফলে ৫০ ম্যাচের দোঁড়গোড়ায় পৌছে যান মুশি। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে গর্ববোধ করছেন মুশফিকুর, ‘এমন মাইলফলক গর্বের। আল্লাহ’র কাছে লাখ লাখ শুকরিয়া। অবশ্যই চেষ্টা করবো যেন ব্যক্তিগতভাবে ভালো খেলি। দলের জন্য যা যা করা দরকার করবো।’
অস্ট্রেলিয়া বাদে বিশ্বের টেস্ট প্লেয়িং সকল দেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আছে মুশফিকের। এখন পর্যন্ত ৪৯ টেস্টের ৯০ ইনিংসে ২৭৩৭ রান করেছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। গড়- ৩২.৫৮। ৩টি সেঞ্চুরির সাথে ১৫টি হাফ-সেঞ্চুরিও রয়েছে তার।
উইকেটের পেছনেও বেশ দক্ষ মুশফিকুর। ইংল্যান্ডের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের সেরা উইকেটরক্ষকের তকমাটা পেয়ে গেছেন তিনি। সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক খালেদ মাসুদ পাইলটকে ছাপিয়ে সর্বোচ্চ ডিসমিসালসের মালিক হন মুশফিকুর। ৭৮টি ক্যাচ ও ১১টি স্ট্যাম্পিং-এ সবচেয়ে বেশি ৮৯টি ডিসমিসালস আছে মুশফিকের। পাইলটের ডিসমিসালস ৮৭টি।




