ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুরে পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে হরিপুর থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ১৬০ সিসি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করা হয়।
সোমবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর ভাতুরিয়া ইউনিয়নের মহেন্দ্রগাঁও (জিগা) গ্রামের নয়াবাঁশ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এ সময় পালানোর চেষ্টা করলে মো. নাজির হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তার হেফাজত থেকে ১৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাজিরের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থলে অবস্থান নেয় পুলিশ। পরে তার স্ত্রী মোছা. নাজমা বেগম (৪৮) সেখানে এলে তার সঙ্গে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে মাদক বিক্রির ১০ লাখ টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত স্বামী-স্ত্রী দীর্ঘদিন ধরে হরিপুরসহ আশপাশের এলাকায় ইয়াবা বিক্রির সঙ্গে জড়িত। এ ঘটনায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করতে অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে হরিপুর থানায় মামলা করা হয়েছে।
এদিকে, উদ্ধার হওয়া ইয়াবা, নগদ টাকা ও গ্রেপ্তারের বিষয়ে ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। প্রেস ব্রিফিংয়ে অভিযানের বিস্তারিত তথ্য সাংবাদিকদের সামনে তুলে ধরা হয়।
ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে।