শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: শিবগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং কেক কাটা হয়।
পরে ঢাকঢোলের তালে নেতাকর্মীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল থেকে শুরু হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালিতে বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় নেতাকর্মীরা দলীয় স্লোগানে মুখরিত করে তোলেন পুরো এলাকা। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, সদস্যসচিব তোসিকুল আলম, পৌর বিএনপির আহ্বায়ক সফিকুল ইসলাম, সদস্যসচিব আলমগীর কবির জুয়েল, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক ডা. নাহিদুজ্জামান সুমন ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শহিদুল হক হায়দারী শহিদ মিয়াসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




