
মোঃ ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেলসহ মো.জুয়েল রানা (৩৪) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২২ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গেদুরা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজিবি সূত্রে জানা যায়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি)-এর একটি বিশেষ টহলদল গেদুরা এলাকায় অভিযান পরিচালনা করে। হাবিলদার মো. আশরাফুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে সীমান্ত পিলার ৩৭১/২-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে গেদুরা নামক স্থান থেকে জুয়েল রানাকে আটক করা হয়।
আটক জুয়েল রানা হরিপুর উপজেলার বহরমপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. জসিম উদ্দিনের ছেলে।
অভিযানকালে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিকে জব্দকৃত মাদকদ্রব্য ও মোটরসাইকেলসহ আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হরিপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁও ব্যাটালিয়ন (৫০ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় অবৈধ পারাপার প্রতিরোধ, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং আন্তসীমান্ত অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।



