নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর নিয়ামতপুরে ভূমিদস্যু ও মামলা বাণিজ্য আনিসুর রহমানের মৃত ভাতিজা কামালকে পুঁজি করে মুন্দিখৈর গ্রামের ১৭ জন ভুক্তভোগীকে মিথ্যা মামলায় দেওয়ার পায়তারা করার প্রতিবাদে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলন করেছে।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুর ১ টায় নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের হলরুমে ভুক্তভোগী রিয়াজ আহমেদ লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে রিয়াজ আহমেদ বলেন, আনিসুর রহমানের নেতৃত্বে শরিফ, আব্দুল বারী, মোজা ইসলাম, আকতারুল ইসলাম ও ওয়াদুল সোহেল মৃত কামালকে পুঁজি বানিয়ে এলাকায় মিথ্যা মামলা দেওয়া পায়তারা করছে। আমাদের সাথে তার জমি জমা সংক্রান্তের বিরোধ চলছে। এরই জের ধরে গত ০৫ আগস্ট তার আপন ভাতিজা কামাল হোসেন নিজ বাড়িতে অটো চার্জার গাড়িতে চার্জ দেওয়ার সময় বৈদ্যুতিক শর্ট খেয়ে মৃত্যু বরণ করেন। আনিসুর রহমান ও কামালের মা আনোয়ারা বেগম পূর্বের জের ধরেই এলাকায় প্রায় ১৭ জনের নামে মিথ্যা মামলার হুমকি দিচ্ছে। মুঠোফোনে ফোন দিয়ে মোটা অংকের টাকা চাঁদা দাবি করছে। আমরা নিরুপায় হয়ে নিয়ামতপুর উপজেলা প্রেসক্লাবের সংবাদ সম্মেলন করি।
ভুক্তভোগী আশাদুল ইসলাম বলেন, আনিসুর রহমান এলাকায় প্রভাব খাটিয়ে আমাদের নামে মিথ্যা মামলা দেওয়ার পায়তারা করতেছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রশাসনের নিকট আবেদন করছি দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত পদক্ষেপ গ্রহন করা হউক।
ভুক্তভোগী শেফালী বেগম বলেন, আনিসুর রহমানের সাথে আমাদের জমি সংক্রান্ত বিরোধ চলছে। একটা মামলাও চলমান আছে। মৃত ভাতিজাকে পুঁজি করে আবারও ১৭ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার হুমকি ধামকি দিচ্ছে। আমরা প্রশাসনের নিকট এর একটা সুষ্ঠু নিরপেক্ষ বিচার দাবি করছি।
নিয়ামতপুর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, থানায় একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহন করা হবে।




