sliderস্থানিয়

সালথায় দুই পক্ষের সংঘর্ষে আহত ৬, বাড়িঘর ভাঙচুর

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বসতবাড়ি। এতে উভয়পক্ষের অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের যুগিকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয়রা জানান, এলাকার আধিপত্য নিয়ে উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি বশির মাতুব্বরের সাথে যুবদল নেতা জাহিদ মাতুব্বর, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন ও উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি রাজীবের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। চলমান বিরোধের জেরে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বশির মাতুব্বরের সমর্থক আফজাল, রওশন ও মিজানের সাথে প্রতিপক্ষ জাহিদ মাতুব্বর হেমায়েত, রাজীবের সমর্থক এসকেন, শাহিন ও সোহাগের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায় খবর পেয়ে উভয়পক্ষের শতাধিক সমর্থক দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হন।

ঘন্টাব্যাপী চলে এই সংঘর্ষ। এ সময় হামলা পাল্টা হামলা চালিয়ে উভয়পক্ষের অন্তত পাঁচটি বসতবাড়ি ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ৬জন আহত হন। আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন বলেন, বশির মাতুব্বরের দোকানে বসে তার সমর্থক আফজাল রওশন মিজান আমাদের সমর্থক এসকেন শাহিন সোহাগকে বলে শেখ হাসিনা ভাসন দিয়েছে। তিনি দ্রুত ফিরে  আসবেন তখন তোমাদেরকে দেখে নিব। কেউ রেহাই পাবা না। এই নিয়ে কথা-কাটাকাটির এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ বাঁধে।

উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি বশির মাতুব্বর বলেন, আমি জাতীয় নির্বাচনের আগে কৃষক লীগের পদ থেকে সংবাদ সম্মেলন করে পদত্যাগ করে বিএনপিতে যোগদান করি। তারপর থেকে আমি বিএনপির রাজনীতি করছি। গতকাল তাদের সমর্থক রফিক কে আমার সমর্থক বলে পাট শুকানোর বাঁশ বাঁধা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে রফিক তাদের লোকজন ফোন করে এনে আমার দোকান বাড়িঘর ভাংচুর করে। 

শেখ হাসিনা আসবেন কেউ রেহাই পাবে না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। এটা আমার নামে মিথ্যাচার করেছে। 

ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (নগরকান্দা- সালথা সার্কেল) মুহম্মদ আল ফাহাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে প্রায় ৬জন আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বাড়ি ভাঙচুর করা হয়েছে। ওই এলাকার পরিবেশ স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button