
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর চার সদস্য নিহত হয়েছে বলে দাবি করেছে ভারতের অন্যতম সংবাদ মাধ্যম এনডিটিভি।
বিএসএফের বরাত দিয়ে এনডিটিভি জানায়, শুক্রবার জম্মু-কাশ্মীরের কাথুয়া জেলার আন্তর্জাতিক সীমান্ত রেখায় বিএসএফ ও পাকিস্তানি সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। ওই গোলাগুলির ঘটনায় চার পাকিস্তানি সৈন্য নিহত হয়েছে।
বিএসএফ জানায়, শুক্রবার সকালে পাকিস্তানি সীমান্তরক্ষীরা হিরানগর সেক্টরে ভারতীয় নিরাপত্তা চৌকি লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পাল্টা জবাবে বিএসএফ গুলি চালালে চার পাকিস্তানি সৈন্য নিহত হয়।
এদিকে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ অধিদফতর (আইএসপিআর) জানিয়েছে, চার পাকিস্তানি সৈন্য নিহত হওয়ার খবরটি ভুয়া। তবে তারা গোলগুলির ঘটনা নিশ্চিত করেছে।




