sliderস্থানিয়

কাঁচকোলে নদীভাঙন নিয়ন্ত্রণে পাউবোর জরুরি অভিযান, চলছে দিন-রাত কাজ

কুড়িগ্রাম সংবাদদাতা: কুড়িগ্রামের চিলমারী উপজেলার কাঁচকোল এলাকায় ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে নতুন করে প্রায় ৬০ মিটার ব্লক পিচিং ধসে পড়েছে। তবে দ্রুত পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, পাউবো।

ধসের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসানের নেতৃত্বে প্রকৌশলী ও কারিগরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও প্রতিরোধমূলক কাজ শুরু করে।
প্রথম পর্যায়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ৪০০টি জিও ব্যাগ ফেলা হয়। পরে দীর্ঘমেয়াদি সুরক্ষার জন্য আরও ১২ হাজার জিও ব্যাগের অনুমোদন দেওয়া হয়। ইতোমধ্যে কয়েক হাজারে জিও ব্যাগ ডাম্পিং সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ দ্রুতগতিতে চলছে।

বর্তমানে প্রকৌশলী ও কারিগরি দল দিন-রাত ঘটনাস্থলে থেকে কাজ তদারকি করছে। ব্রহ্মপুত্রের তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ভাঙন ঠেকাতে নিরবচ্ছিন্নভাবে কাজ চালিয়ে যাচ্ছে পাউবো।

নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান জানিয়েছেন, প্রয়োজন অনুযায়ী আরও জিও ব্যাগ সরবরাহ করা হবে এবং স্থায়ী সমাধানের জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আগামী দু-এক দিনের মধ্যেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, দ্রুত পদক্ষেপে তারা স্বস্তি পেয়েছেন। তবে ভবিষ্যতে এমন সংকট এড়াতে টেকসই ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তারা।

এদিকে স্থানীয় সচেতন মহলের মতে, নদীভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধ, বাঁধের ওপর ভারী যানবাহন চলাচল নিয়ন্ত্রণ এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ নিশ্চিত করা প্রয়োজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button