sliderস্থানিয়

কাজিপুরে সন্ত্রাসী কার্যকলাপের অভিযোগে বিএনপির ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

মোঃ আব্দুর রব মনসুর, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের ছয় নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে সিরাজগঞ্জ জেলা বিএনপি। একই সঙ্গে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সিরাজগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত পৃথক দুটি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশীদ রানা,উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আতিকুর রহমান আতিক, কাজিপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক আসাদুল ইসলাম, কাজিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আসিফ সরকার এবং মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মিস্টার-এর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সাম্প্রতিক সাংগঠনিক কর্মকাণ্ডের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

অপর এক বিজ্ঞপ্তিতে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মিজানুর রহমান বাবলুকে দলীয় পদ থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং তার ছেলে সুমনের সাংগঠনিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে তার সকল দলীয় পদ স্থগিত করা হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের প্রেক্ষিতে স্থগিতাদেশ প্রত্যাহার করা হলেও পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাকে দলীয় পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বহিষ্কারের ফলে হাজী মিজানুর রহমান বাবলু বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমে অংশ নিতে পারবেন না। পাশাপাশি তার ছেলে সুমনের সঙ্গে দলের কোনো পর্যায়ের নেতা-কর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু-এর অনুমোদনক্রমে এ সাংগঠনিক সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

জেলা বিএনপির নেতারা জানান, দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button