রাজনীতি

সম্মেলন থেকে নির্বাচনের প্রস্তুতি শুরু : ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলন থেকে শুরু হবে আগামী জাতীয় নির্বাচনের প্রস্তুতি। নির্ধারিত সময় শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, এ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নতুন যারা নির্বাচিত হবেন তাদের তৃণমূল নেতাদের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে হবে।
আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির কার্যালয়সংলগ্ন একটি কমিউনিটি সেন্টারে গতকাল বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ যৌথভাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ প্রমুখ। উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত, সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান প্রমুখ।
ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধু পরিবারের অবশিষ্ট সদস্যদের নিশ্চিহ্ন করতে প্রকাশ্যে হুমকি না থাকলেও ষড়যন্ত্র চলছে। ১৫ আগস্টের মতো আর যেন কোনো ঘটনা ঘটতে না পারে সে জন্য আওয়ামী লীগের প্রত্যেক নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্টের বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে তিনি বলেন, নিজেদের অর্থায়নে কিভাবে পদ্মা সেতু নির্মিত হচ্ছে তা দেখতে বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ঢাকায় এসেছেন।
তিনি বলেন, পদ্মা সেতু প্রকল্পে কোথায় ও কিভাবে দুর্নীতি হয়েছে তা প্রমাণ করতে না পারলে বিএনপি নেতাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
মাহবুবউল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধু হত্যাকারীদের মধ্যে যারা এখনো বিদেশে পালিয়ে রয়েছে তাদের ফিরিয়ে আনতে সরকার কাজ করে যাচ্ছে। যারা পালিয়ে রয়েছে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করা হবে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় থাকার সময় বেগম খালেদা জিয়া যে পরিমাণ দুর্নীতি করেছেন তার দু-একটি ঘটনার মাত্র বিচার হচ্ছে। খালেদা জিয়া দোষী সাব্যস্ত হলে তিনি আগামী নির্বাচনে যোগ্যতা হারাবেন। এ জন্যই বিএনপি নেতারা উল্টাপাল্টা কথা বলছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button