
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলা আচমিতা ইউনিয়নের বানিয়া গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে রুহান(৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার ৮ জুন সন্ধ্যায় বানিয়া গ্রাম এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত রুহান উপজেলার বানিয়াগ্রাম ইউনিয়নের জামশাইদ উত্তরপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোহান কয়েকদিন পূর্বে মার সাথে খালার বাড়িতে বেড়াতে এসেছিল। ঘটনার দিন বিকেলে লোকজনদের অগোচরে খেলার ছলে রুহান বাড়ি থেকে বের হয়ে পড়ে । হঠাৎ পরিবারের লোকজন তাকে না পেয়ে আত্মীয়-স্বজন ও আশেপাশে খোঁজাখুঁজি শুরু করে। রোহানকে কোথাও না পেয়ে অবশেষে পার্শ্ববর্তী পুকুরে লোক নেমে খুঁজে তাকে পাওয়া যায়। পানির নিচ থেকে উদ্ধার করে রোহান কে দ্রুত কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে আসে এবং আত্মীয়-স্বজনদের আহাজারি ও কান্নায় হাসপাতালে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।
এ বিষয়ে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।




