
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা: গোমস্তাপুর উপজেলার বাংগাবাড়ি সীমান্তে শূন্যরেখায় গত দুই দিন ধরে অবস্থান করা ২৮ জনকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এমন তথ্য জানিয়েছে বিজিবি।
নওগাঁ ব্যাটালিয়ন-১৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম জানান, ওই ২৮ জন ব্যক্তি ভারতের অভ্যন্তরে শূন্যরেখা থেকে প্রায় ৫০ গজ দূরে অবস্থান করছিলেন। বর্তমানে সীমান্তের ১৫০ গজের মধ্যে তাদের অবস্থান বা চলাচল আর পরিলক্ষিত হচ্ছে না। তিনি বলেন, ধারণা করা হচ্ছে, শুক্রবার গভীর রাতের কোনো এক সময়ে বিএসএফ তাদেরকে ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে গেছে।এর আগে গত ৪ জুন ভোরে বাংগাবাড়ি সীমান্ত দিয়ে ২৮ জন বাংলাদেশিকে পুশ-ইনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির সতর্ক অবস্থান ও তাৎক্ষণিক তৎপরতার কারণে সেই চেষ্টা ব্যর্থ হয়।
পরে ওই ব্যক্তিরা শূন্যরেখার ভারতীয় অংশে গত দুইদিন থেকে ঝড়বৃষ্টি মাথায় নিয়ে অবস্থান করছিলেন। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সীমান্তে সর্বোচ্চ সতর্কতা বজায় রাখা হয়েছে।



