
মো.আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: মাদকের বিরুদ্ধে ঘোষিত ‘জিরো টলারেন্স’ নীতির বাস্তবায়নে ধারাবাহিক অভিযান চালিয়ে যাচ্ছে বাঘাইছড়ি থানা পুলিশ। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ পিচ ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
জানা গেছে, বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদারের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে শনিবার গভীর রাতে উপজেলার কলেজপাড়া মোড় ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে পুলিশের একটি চৌকস দল পশ্চিম মুসলিম ব্লক গ্রামের বাসিন্দা ঈমান আলীর ছেলে ইসমাইল (২৩)-কে আটক করে।
অভিযানে নেতৃত্বদানকারী এসআই রাকিব হাসান ও এসআই রিয়াজুল ইসলাম রানা জানান, সন্দেহভাজন হিসেবে ওই যুবককে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ১৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাদক নির্মূলে বাঘাইছড়ি থানা পুলিশের ধারাবাহিক অভিযানে সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক সাড়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় পুলিশের সক্রিয় ভূমিকা প্রশংসিত হচ্ছে।
এ বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছির উদ্দিন মজুমদার বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে বাঘাইছড়ি থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ইয়াবাসহ সকল ধরনের মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। কোনো মাদক কারবারি কিংবা মাদকসেবীর সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।”
তিনি আরও বলেন, “মাদকমুক্ত বাঘাইছড়ি গড়ে তুলতে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। মাদক সংক্রান্ত যেকোনো তথ্য গোপনীয়তার সঙ্গে পুলিশকে জানালে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। জনসচেতনতা বৃদ্ধি এবং নিয়মিত অভিযানের মাধ্যমে মাদকের বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।”
বাঘাইছড়ি থানা পুলিশ জানিয়েছে, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম আরও জোরদার করা হবে।




