sliderস্থানিয়

অসুস্থতার কারণ দেখিয়ে মন্ত্রিত্ব ছাড়লেন দীপেন দেওয়ান

মোঃ আব্দুজ জাহের,বাঘাইছড়ি প্রতিনিধি: বর্তমান সরকারের চার মাস পূর্ণ হওয়ার আগেই মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে তিনি প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। সোমবার (১ জুন) তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রধানমন্ত্রীর উদ্দেশে লেখা পদত্যাগপত্রে দীপেন দেওয়ান উল্লেখ করেন, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন। অসুস্থতার কারণে মন্ত্রণালয়ের নিয়মিত ও গুরুত্বপূর্ণ দায়িত্ব যথাযথভাবে পালন করতে নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন।

পদত্যাগপত্রে তিনি বলেন, বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা বজায় রাখার স্বার্থে তার বর্তমান পদে বহাল থাকা সমীচীন হবে না বলে তিনি মনে করেন। এ কারণে তিনি মন্ত্রীর পদ থেকে অব্যাহতি গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে রাঙামাটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন দীপেন দেওয়ান। নির্বাচনে তিনি ২ লাখ ৫৯ হাজার ৯৮০ ভোট পেয়ে জয়লাভ করেন, যা ছিল ওই আসনে সর্বোচ্চ ভোটের ব্যবধানের একটি রেকর্ড। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা পেয়েছিলেন ৩০ হাজার ৯৯২ ভোট।

নির্বাচনে বিজয়ের পর তাকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। তবে দায়িত্ব গ্রহণের মাত্র চার মাসের মাথায় ব্যক্তিগত স্বাস্থ্যগত কারণ দেখিয়ে তিনি মন্ত্রিত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন।

উল্লেখ্য, ১৯৬৩ সালের ৮ জুন রাঙামাটির রাঙ্গাপানি এলাকায় জন্মগ্রহণ করেন দীপেন দেওয়ান। তার বাবা সুবিমল দেওয়ান সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর মর্যাদায় উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button