
মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ প্রতিনিধি: “জীবাশ্ম জ্বালানি হবেই শেষ, সূর্যের আলো হবে না নিঃশেষ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মানিকগঞ্জে ‘সবুজ সংহতি’ (গ্রিন কোয়ালিশন) গঠন এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধিতে যুব সমাজের ভূমিকা শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচি শেষে সাংবাদিক আবুল বাশার আব্বাসীকে আহ্বায়ক ও নুরুল ইসলামকে সদস্য সচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ‘সবুজ সংহতি’ মানিকগঞ্জ সদর উপজেলার পুটাইল ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
আজ বিকেলে লেমুবাড়ী বিনোদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের সেমিনার কক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন ‘তারুণ্যের ডাক’, বেসরকারি উন্নয়ন সংস্থা ‘বারসিক’ (BARCIK) এবং ‘গ্রিন কোয়ালিশন’ যৌথভাবে এই কর্মশালা ও কমিটি গঠন কর্মসূচির আয়োজন করে। কমিটি গঠন অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং পরিবেশ সুরক্ষায় গ্রিন এনার্জি বা সবুজ শক্তির বিকল্প নেই। তরুণ প্রজন্মকে পরিবেশ আন্দোলনে সম্পৃক্ত করতেই এই আয়োজন। জীবাশ্ম জ্বালানির ক্ষতিকর দিকগুলো তুলে ধরে বক্তারা সৌরশক্তির মতো টেকসই ও পরিবেশবান্ধব শক্তির ব্যবহার বাড়াতে গ্রামীণ ও শহর অঞ্চলে যুব সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান। নবগঠিত এই কমিটি আগামীতে এলাকায় পরিবেশ দূষণ রোধ ও নবায়নযোগ্য জ্বালানি প্রসারে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বারসিক সভাপতি অধ্যাপক মনোয়ার হোসেন, বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম, গাজী শাহাদাত হোসেন বাদল এবং শিবানী চক্রবর্তী। উক্ত সচেতনতামূলক কর্মশালায় স্থানীয় তরুণ পরিবেশকর্মী, স্বেচ্ছাসেবী, বারসিক ও গ্রিন কোয়ালিশনের কর্মকর্তা এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


