সাহিত্যে নোবেল পেলেন গায়ক বব ডিলান

এবারের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন প্রখ্যাত মার্কিন সংগীত শিল্পী ও গীতিকার রবার্ট অ্যালেন জিমারম্যান। সংগীত বিশ্ব তাকে অবশ্য চেনে বব ডিলান নামে। আজ বৃহস্পতিবার সাহিত্যে নোবেলজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়।
সুইডিশ অ্যাকাডেমি জানিয়েছে, আমেরিকার সংগীত ধারায় নতুন কাব্যিক দ্যোতনা সৃষ্টির’ জন্য ৭৫ বছর বয়সী এই রক, ফোক, কান্ট্রি মিউজিকের এই কিংবদন্তিকে নোবেল পুরস্কারের জন্য বেছে নিয়েছে তারা।
৭৫ বছর বয়সী ডিলানের সংগীত শিল্পী হিসাবে আবির্ভাব ঘটে ১৯৫৯ সালে। মিনেসোটার বিভিন্ন কফি হাউসে গাইতেন তিনি। ষাটের দশকেই সংগীত জগতে পরিচিত মুখ হয়ে ওঠেন ডিলান। তার ‘ব্লোইন ইন দ্য উয়িন্ড’, ‘মাস্টার্স অব ওয়ার’, ‘এ হার্ট রেইন’স এ-গোনা ফল’, ‘লাইক এ রোলিং স্টোন’ গানগুলো দ্রোহ ও স্বাধীনতার ভাব বহন করে। এই গানগুলো যুদ্ধবিরোধী ও নাগরিক আন্দোলনের অনেক সংগঠন মর্ম সংগীত হিসেবে ব্যবহার করে।
ডিলান প্রায় ৫০ বছর ধরে সংগীত জগতে সক্রিয় আছেন। এখনো তিনি গান লেখেন ও সংগীত পরিবেশনায় অংশ নেন। নোবেল অ্যাকাডেমির পারমানেন্ট সেক্রেটারি সারা দানিয়াস আজ পুরস্কার ঘোষণার জন্য আয়োজিত সংবাদ সম্মেলনে বলেন, বব ডিলানকে এই পুরস্কার দেয়ার ক্ষেত্রে কমিটির সদস্যরা ‘প্রশ্নাতীত মতৈক্যে’ পৌঁছান।
আগামী ১০ ডিসেম্বর স্টকহোমে ডিলানের হাতে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেওয়া হবে। তিনি পুরস্কার হিসেবে ৮০ লাখ ক্রোনার পাবেন।




