
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি: সম্প্রতি কটিয়াদী উপজেলার বনগ্রাম ইউনিয়নে এক মানসিক ভারসাম্যহীন ভবঘুরে নারীর গর্ভে একটি পুত্র সন্তান জন্ম নেয়। এই সংবাদটি এলাকা সহ বিভিন্ন পত্রপত্রিকায় ভাইরাল হয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশেষে উপজেলা প্রশাসনের মানবিক উদ্যোগে নবজাতক পুত্র সন্তানটি পায় একজন অভিভাবক ও নিরাপদ আশ্রয়।
গত ২৭ এপ্রিল সোমবার উপজেলার বনগ্রাম ও আচমিতা ইউনিয়ন পরিষদের সংযোগস্থলে অবস্থিত মধ্যপাড়া বাজার (বাসস্ট্যান্ডের) এলাকায় এ ঘটনা ঘটে। হঠাৎ করেই ভারসাম্যহীন এক মহিলার প্রসব বেদনায় আক্রান্ত হলে, উপস্থিত স্থানীয় লোকজন দ্রুত মানবিক উদ্যোগ নিয়ে, কাপড় টাঙ্গিয়ে অস্থায়ী পর্দার ব্যবস্থা করেন এবং প্রসূতিকে সন্তান প্রসবে সহায়তা করেন। সেখানেই ভারসাম্যহীন মহিলাটি ফুটফুটে একটি পুত্র সন্তানের জন্ম দেন।
ঘটনার খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বাজার এলাকায় উৎসুক জনতার ভিড় জমে যায়। অনেকেই মা ও নবজাতককে দেখতে আসেন এবং বেশ কয়েকজন নিঃসন্তান দম্পতি, শিশুটির দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেন। তবে শিশুটির পরিচয় কি, তানিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে দেখা যায়। বিভিন্ন পত্র পত্রিকায় উঠলে বিষয়টি প্রশাসনের নজরে আসে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা আফরোজ মারলিজ ঘটনা স্থলে উপস্থিত হয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরবর্তীতে গত ৩ মে রবিবার ঘটনাস্থলে উপস্থিত সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা এবং যাচাই-বাছাই শেষে একজন উপযুক্ত নিঃসন্তান দম্পতিকে নবজাতকটির অভিভাবক হিসেবে মনোনীত করেন। শিশুটির সার্বিক সুরক্ষা ও যত্ন নিশ্চিত করণের অঙ্গীকার নামাতে স্বাক্ষর গ্রহণের মাধ্যমে শিশুটিকে আনুষ্ঠানিকভাবে তার নতুন অভিভাবকের কাছে হস্তান্তর করেন। পরিশেষে উপজেলা নির্বাহী অফিসার শামীমা আফরোজ মারলিজ নবজাতক ও দম্পতির জন্য শুভকামনা জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার ও দত্তক নেওয়া ব্যক্তি সহ তার পরিবারের সদস্যবৃন্দ এবং স্থানীয় জনগন।




