
সিরাজুল ইসলাম,সিংগাইর (মানিকগঞ্জ) : সিংগাইরে তিন ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করে ৩ জনকে কারাদন্ড দিয়েছে উপজেলা প্রশাসন ।
বুধবার (১ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৭টা পর্যন্ত উপজেলার বলধারা ইউনিয়নের মানিকদহ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি)। অভিযান পরিচালনার সময় মানিকদহ চকে মাটিকাটা ব্যবহৃত ১টি এস্কেভেটর, মাটি পরিবহনরত অবস্থায় ১টি মাটির ট্রলি জব্দ করে অকার্যকর ও ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করা হয়।
আটকৃতরা হলেন,পার্শ্ববর্তী ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলার পাতিলঝাঁপ গ্রামের আশ্রাব আলীর ছেলে মো. রনি মোল্লা (২৬), সিংগাইর উপজেলার কালিয়াকৈর গ্রামের মো. মাখন বিশ্বাসের ছেলে মারুফ হোসেন(২৪) ও আব্দুস ছাত্তারের ছেলে লুৎফর রহমান(২৮)। এর মধ্যে রনি মোল্লাকে ১ মাস, মারুফ ও লুৎফরকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অভিযানে সিংগাইর থানা পুলিশ সার্বিক সহযোগীতা করেন।
উপজেলা নির্বাহি অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট খায়রুন্নাহার(পপি) বিষয়টি নিশ্চিত করে বলেন, জনস্বার্থে এধরনের অভিযান অব্যাহত থাকবে।


