
সাভার প্রতিনিধি: আন্তর্জাতিক নারী দিবসকে সামনে রেখে সাভারের আশুলিয়ায় গার্মেন্ট শ্রমিকদের এক সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ থেকে সরকার ঘোষিত সময়ের মধ্যে বেতন-ঈদ বোনাস পরিশোধ, বন্ধ কারখানা পুনরায় চালু, ৬ মাসের বেতন মাতৃত্বকালীন ছুটি এবং নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন শ্রমিক নেতারা।
শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের আগে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ডিইপিজেড) এলাকায় বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপ্রধান তাসলিমা আখতার বলেন, ইপিজেডের ভেতরে ও বাইরে প্রায় তিন শতাধিক কারখানা বন্ধ হয়ে যাওয়ায় অসংখ্য শ্রমিক বেকার হয়ে পড়েছে। আশুলিয়া ইপিজেডের সাউথ চায়না, গোল্ড টেক্স, এক্টর স্পেসসহ বিভিন্ন কারখানা বন্ধ থাকায় শ্রমিকরা চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। দ্রুত এসব কারখানা চালু করে শ্রমিকদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার ও মালিকপক্ষকে উদ্যোগ নেওয়ার আহ্বান জানাচ্ছি।
সমাবেশে বক্তারা বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। এমনকি ৬ বছরের শিশু পর্যন্ত ধর্ষণ ও হত্যার শিকার হচ্ছে। শিল্পাঞ্চলসহ সারাদেশে নারী শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ৬ মাস মাতৃত্বকালীন ছুটি থাকলেও রপ্তানিমুখী পোশাক খাতের শ্রমিকদের জন্য তা এখনো কার্যকর হয়নি। শ্রমিকদের জন্যও ৬ মাসের সবেতন মাতৃত্বকালীন ছুটি, কারখানায় ব্রেস্ট ফিডিং কর্নার ও মানসম্মত ডে-কেয়ার সেন্টার স্থাপনের দাবি জানান তারা।
এ সময় বক্তারা আরও দাবি জানান, সরকার নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করতে হবে এবং আসন্ন ঈদ উপলক্ষে ঘোষিত সময়সীমার মধ্যেই ঈদ বোনাস প্রদান করতে হবে।
সভা শেষে একই স্থান থেকে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নবীনগর-চন্দ্রা মহাসড়কের নবীনগরমুখী লেন দিয়ে আশুলিয়ার বাইপাইল মোড় পর্যন্ত গিয়ে শেষ হয়।
বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় কমিটির নারী বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিনের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনটির সভাপ্রধান তাসলিমা আখতার। এছাড়া বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী ও গণসংহতি আন্দোলন আশুলিয়া শাখার নির্বাহী সমন্বয়কারী রোকানুজ্জামান মনি।



