
আসাদুল্লাহ মাসুম কাপাসিয়া প্রতিনিধি:
গাজীপুরের কাপাসিয়ায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচির মাধ্যমে অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে।
২১ ফেব্রুয়ারি শনিবার একুশের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. তামান্না তাসনীম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনের সংসদ সদস্য মু. সালাউদ্দিন আইউবী।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো. নাহিদুল হক, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহীনুর আলম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. মফিজ উদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আরিফ সরকার, উপজেলা শিক্ষা অফিসার রমিতা ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. রেজাউর রহমান মিঠু, অতিরিক্ত কৃষি কর্মকর্তা অলি ভৌমিক, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শামসুল হুদা লিটন, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন শামীম প্রমুখ।
এর আগে একুশের প্রথম প্রহরে উপজেলা নির্বাহী অফিসার ডা. তামান্না তাসনীমের নেতৃত্বে প্রশাসনের সকল পর্যায়ের কর্মকর্তা, সংসদ সদস্যের প্রতিনিধি, মুক্তিযোদ্ধা সংসদ, থানা পুলিশ, বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, সাংবাদিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক ও পেশাজীবী সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এছাড়াও উপজেলা ব্যাপী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাদ জোহর ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় উপজেলা কমপ্লেক্স জামে মসজিদ, কাপাসিয়া মডেল মসজিদ, কাপাসিয়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ ও মাদরাসায় মিলাদ ও বিশেষ দোয়ার আয়োজন করা হয়।




