sliderস্থানিয়

জাকির হোসেন হবি’র মৃত্যুবার্ষিকীতে যশোরে স্মরণসভা

স্বীকৃতি বিশ্বাস, যশোর: আমৃত্যু বিপ্লবী কমিউনিস্ট মুক্তিযোদ্ধা, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষক নেতা জাকির হোসেন হবি’র প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার বিকেলে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলা শাখার উদ্যোগে এ স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা তসলিম উর রহমান।

স্মরণসভায় বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও গণতান্ত্রিক যুক্তফ্রন্ট কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অন্যতম নেতা ইকবাল কবির জাহিদ। এছাড়াও বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির অন্যতম নেতা ও যশোর জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জিল্লুর রহমান ভিটু, জাতীয় শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি নাজিম উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য প্রফেসর ইসরারুল হক, নারী নেত্রী মনোয়ারা সিদ্দিকী ছবি, মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদের আহ্বায়ক হারুনর রশিদ, বাম গণতান্ত্রিক জোট যশোর জেলা সমন্বয়ক ও বাসদ নেতা হাচিনুর রহমান, জাতীয় কৃষক খেত মজুর সমিতি যশোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, নারী মুক্তি পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও জাকির হোসেন হবি’র সহযোদ্ধা সখিনা বেগম দীপ্তি এবং বিপ্লবী যুব মৈত্রী যশোর জেলা সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম।

সভায় বক্তারা বলেন, তথাকথিত গণভোট প্রতারণামূলক ও অবৈধ। এই গণভোটের মাধ্যমে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা এদেশের সংবিধান পরিবর্তন করতে চাচ্ছে। তাই গণভোটে দল বেঁধে না তে ভোট দেওয়ার আহ্বান জানান। জাতীয় নির্বাচনে স্বাধীনতাবিরোধী ও সাম্রাজ্যবাদের দালালদের প্রতিহত করতে দেশপ্রেমিক জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। স্বাধীনতা বিরোধী শক্তি জামাতকে পরাস্থ করতে আহ্বান জানান। তারা অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকার সাম্রাজ্যবাদের দালালি করে চট্টগ্রাম বন্দর বিদেশীদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ ষড়যন্ত্র রুখে দিতে দেশের সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

বক্তারা আরও বলেন, জাকির হোসেন হবি পার্টির শৃঙ্খলা ও আদর্শের প্রতি আজীবন অবিচল ছিলেন। তাঁর আত্মত্যাগ ও সংগ্রামী জীবন পার্টির ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button