
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: ঝালকাঠিতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহরের প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা কর্তৃক পরিচালিত প্রতিবন্ধী ও অটিজম বিদ্যালয়ের আয়োজনে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীত বস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠির জেলা প্রশাসক মোঃ মমিন উদ্দিন।
ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সেগুফতা মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ফয়সাল রহমান জসিম।
উন্নয়ন কর্মী আজমীর হোসেন সঞ্চালিত অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধী শিশুদের শিক্ষা উন্নয়নে সামাজিক ও প্রশাসনিক সহযোগিতা অত্যন্ত জরুরি। বই ও শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে উৎসাহ জোগাবে এবং মানবিক সমাজ গঠনে ভূমিকা রাখবে। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বই ও শীতবস্ত্র বিতরণ করা হয়।



