
ঠাকুরগাঁও প্রতিনিধি: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনন উপলক্ষ্যে ঠাকুরগাঁও-১ (সদর) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর ১ টায় ঠাকুরগাঁও জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ইশরাত ফারজানার নিকট মনোনয়ন পত্র জমা দেন তিনি।
এর আগে সকালে ঠাকুরগাঁও জেলা জামায়াত কার্যালয়ে নেতাকর্মীদের নিয়ে দোয়া অনুষ্ঠান করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেন। পরে ভ্যান চড়ে জেলা প্রশাসক কার্যালয়ে যান তিনি।
মনোনয়ন পত্র জমা দেয়ার সময় জেলা নির্বাচন কর্মকর্তা মো: ওয়ালী উল্লাহ্, জেলা জামায়াতের আমির অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহাম্মদসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
মনোনয়ন জমাদান শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন দেলাওয়ার হোসেন। এ সময় তিনি বলেন, আগামী দিনে দূর্নীতি, চাঁদাবাজ, দখলবাজমুক্ত নিরাপদ ঠাকুরগাঁও গড়তে চাই। এখানে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে শান্তিতে বসবাস করবে।
ঠাকুরগাঁওয়ে মেডিক্যাল কলেজে, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইপিজেড গড়ে তোলা, বন্ধ ঠাকুরগাঁও বিমানবন্দর পুনরায় চালু করাসহ বিভিন্ন উন্নয়ন মূলক কাজ বাস্তবায়ন করা হবে। এ জন্য আপনাদের দোয়া ও সমর্থন চাই।



