sliderরাজনীতিশিরোনাম

ওসমান হাদীর শাহাদাতে এবি পার্টির গভীর শোক:জাতি হারাল এক অকুতোভয় আধিপত্যবিরোধী তরুণ নেতা

পতাকা ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদীর শাহাদাতে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ এক যৌথ শোকবার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
নেতৃদ্বয় বলেন, গত ১২ ডিসেম্বর ২০২৫ ইং শুক্রবার পরাজিত ফ্যাসিবাদী শক্তির গুলিতে গুরুতর আহত হন শরীফ ওসমান হাদী। পরবর্তীতে টানা কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর সিঙ্গাপুরের একটি হাসপাতালে বাংলাদেশ সময় প্রায় রাত ১০টায় তিনি ইন্তেকাল করেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জাতি আজ একজন আধিপত্যবিরোধী, সাহসী ও নিবেদিতপ্রাণ তরুণ লিডারকে হারাল। তাঁর মৃত্যুতে জাতির যে অপূরণীয় ক্ষতি হলো, তা কখনোই পূরণ হওয়ার নয়। শরীফ ওসমান হাদী ছিলেন একজন ন্যায়নিষ্ঠ, স্পষ্টবাদী ও দেশপ্রেমিক মানুষ। সমাজ ও রাজনীতিতে তাঁর দায়িত্বশীল ভূমিকা, দৃঢ় অবস্থান এবং গণমানুষের প্রতি অগাধ ভালোবাসা তাঁকে এক ব্যতিক্রমী নেতৃত্বে পরিণত করেছিল।

নেতৃদ্বয় আরও বলেন, জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তাঁর চিন্তা-চেতনা, আদর্শ ও সংগ্রামী জীবন আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। অল্প সময়ের মধ্যেই জুলাই আন্দোলনের এই অকুতোভয় নেতা মানুষের হৃদয়ের মণিকোঠায় স্থান করে নেন এবং ইনকিলাব মঞ্চকে একটি জাতীয় আন্দোলনের রূপ দিয়ে যান।

তাঁরা বলেন, শরীফ ওসমান হাদীর শাহাদাত শুধু তাঁর পরিবার বা নিকটজনদের জন্য নয়, বরং দেশের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর মতো একজন প্রতিভাবান তরুণ নেতৃত্ব হারিয়ে আমরা গভীরভাবে শোকাহত। তাঁর অবদান ও স্মৃতি আমাদের চলার পথে চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে।

নেতৃবৃন্দ শহীদ শরীফ ওসমান হাদীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন যেন তিনি তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। একই সঙ্গে দেশবাসী, শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান এবং এই কঠিন শোক কাটিয়ে ওঠার জন্য মহান আল্লাহর নিকট ধৈর্য ও শক্তি কামনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button