
মো:শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি: “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”- প্রতিপাদ্য বিষয়কে সামনে ঝালকাঠির নলছিটিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয় । র্যালি শেষে অগ্নিনির্বাপন মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট সদস্যরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
এ ছাড়া অন্যদের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পি আই ও) মোঃ আওলাদ হোসেন, নলছিটি ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা মোঃ মফিজুর রহমান সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রেডক্রিসেন্টের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন বলেন,“সমন্বিত উদ্যোগ ও জনসচেতনতার মাধ্যমেই দুর্যোগ মোকাবেলা সম্ভব। সরকারের পাশাপাশি স্থানীয় জনগণকেও দুর্যোগ প্রস্তুতি ও প্রতিরোধমূলক কাজে অংশগ্রহণ করতে হবে।”
পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা দুর্যোগকালীন উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা বিষয়ে এক মহড়া প্রদর্শন করেন।




