মো.নজরুল ইসলাম, মানিকগঞ্জ: “জমিতে ক্যান্সার রোগের বিষ উৎপাদন নয়, মানুষ বাঁচার ফসল ফলাই”—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের গড়পাড়ায় তামাকবিরোধী মানববন্ধন, সাংগঠনিক কর্মশালা ও গ্রিন কোয়ালিশন ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে।
১২ নভেম্বর সকালে গড়পাড়া ইউনিয়নের বাংলাদেশ হাটের বাবুল মার্কেটের সামনে তামাকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে তামাকচাষি,অতামাকচাষি ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। পরে গড়পাড়া এ্যাসেড সংস্থার কার্যালয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা বারসিক ও গ্রিন কোয়ালিশনের আয়োজনে এবং এগ্রোইকোলজি ফান্ডের সহযোগিতায় দিনব্যাপী সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। কৃষিপ্রতিবেশ, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব অর্জনের লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানিকগঞ্জ পৌরসভার সাবেক সচিব মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং এ্যাসেডের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক সচিবালয় কর্মকর্তা মো. শামসুল আলম, গড়পাড়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য ও প্যানেল চেয়ারম্যান রাবেয়া আক্তার, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আলাল উদ্দিন, কৃষি উদ্যোক্তা পিন্টু মোল্লা, সমাজকর্মী গোলাম মোস্তাফা, ছাদবাগান চাষি ফোয়ারা বেগম, যুব প্রতিনিধি আনোয়ার হোসেন প্রমুখ।
কর্মসূচির ধারণাপত্র পাঠ করেন বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়।
আলোচনায় বক্তারা বলেন, তামাক চাষ ও ক্ষতিকর রাসায়নিকনির্ভর কৃষি মানুষের স্বাস্থ্য, পরিবেশ, মাটি ও জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ। আমরা আর জমিতে ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এমন ফসল উৎপাদন করতে চাই না। বরং কৃষি, প্রকৃতি ও মানুষের স্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ ও পরিবেশবান্ধব কৃষিব্যবস্থা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তাঁরা আরও বলেন, কৃষকের অধিকার প্রতিষ্ঠা, নিরাপদ খাদ্য উৎপাদন, জলবায়ু ন্যায্যতা ও খাদ্য সার্বভৌমত্ব নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তামাক চাষের বিস্তার রোধ এবং কৃষিপ্রতিবেশবান্ধব কৃষিব্যবস্থা প্রতিষ্ঠায় গ্রিন কোয়ালিশন মুভমেন্টকে শক্তিশালী করতে হবে।
কর্মসূচির অংশ হিসেবে শামসুল আলমকে আহ্বায়ক এবং রাবেয়া আক্তারকে সদস্য সচিব করে ২১ সদস্যবিশিষ্ট গ্রিন কোয়ালিশন গড়পাড়া ইউনিয়ন কমিটি গঠন করা হয়। নবগঠিত এ কমিটি স্থানীয় পর্যায়ে তামাক চাষ নিরুৎসাহিত করা, নিরাপদ খাদ্য উৎপাদনে কৃষকদের উদ্বুদ্ধ করা এবং কৃষি, পরিবেশ, জনস্বাস্থ্য ও প্রাণবৈচিত্র্য সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে কাজ করবে।
বক্তারা গ্রিন কোয়ালিশনের এ উদ্যোগকে স্থানীয় পর্যায়ে পরিবেশবান্ধব কৃষি ও জনস্বাস্থ্য সুরক্ষার সম্মিলিত আন্দোলন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
