
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : কিশোরগঞ্জের কটিয়াদীর এক যুবক ফারুক আকন্দ(২৫), গতকাল রাতে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। নিহত ফারুক আকন্দ, কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের, পাঁচগাতিয়া গ্রামের মৃত আবু হানিফা আকন্দের একমাত্র ছেলে।
ফারুকের চাচা সৌদি প্রবাসী, ওবায়দুল্লাহ আকন্দ ভুবন জানান, কয়েক বছর আগে এক সড়ক দুর্ঘটনায় ফারুকের আব্বা আবু হানিফা মারা যান। অভাবের সংসার সামান্য ভিটেবাড়ি ছাড়া কোন জমি নেই তাদের। দুই বোন ও মাকে নিয়ে ফারুক অভাব অনটনে কোন রকমের জীবিকা নির্বাহ করে আসছিলেন। সংসারের সচ্ছলতা ফেরাতে ফারুকের মা ধারদেনা করে তাকে সৌদি আরব পাঠানো।
সে মক্কায় বলদিয়া কোম্পানিতে পরিচ্ছন্নতা কর্মীর কাজ করতো। কাজ শেষে রাত প্রায় আট টায় বাসায় ফেরার সময় গাড়ি জন্য রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় মোবাইলে মার সাথে কথা বলছিলেন বলে তার সহকর্মীরা জানান। এ সময় হঠাৎ পিছন দিক থেকে দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ফলে ঘটনাস্থলেই ফারুকের মৃত্যু হয়।
ফারুকের মৃত্যুর খবরে পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য এলাকাবাসী ও তার স্বজনরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন।



