সিরিয়ায় নিহতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে

সিরিয়ায় ২০১১ সাল থেকে শুরু হওয়া গৃহযুদ্ধে নিহতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়েছে। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস মঙ্গলবার জানিয়েছে নতুন এই সংখ্যার কথা।
২০১১ সালের মার্চ মাসে শুরু হওয়া গৃহযুদ্ধে এখন পর্যন্ত ৩ লক্ষ ১ হাজার ৭শ ৮১ জন নিহত হয়েছে। এর মধ্যে বেসামরিক নাগরিকের সংখ্যা ৮৬ হাজার। নিহত বেসামরিক নাগরিকদের মধ্যে ১৫ হাজার ৯৯টি শিশু, ১০ হাজার ১৮ জন নারী রয়েছে। ৫২ হাজার ৩শ ৫৯ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে এবং সিরীয় সেনাবাহিনীর ৫৯ হাজার ৬ জন নিহত হয়েছে। এছাড়া আসাদ সরকারের সমর্থক যোদ্ধা নিহত হয়েছে ৪৮হাজার ৪৮জন যাদের মধ্যে সিরিয়াসহ লেবানন, ইরাক ও ইরানের যোদ্ধারা রয়েছে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট এবং আল কায়েদা সমর্থিত ফাতেহ আল শাম ফ্রন্টের ৫২ হাজার ৩১ জন নিহত হয়েছে। মানবাধিকার সংগঠনটি জানিয়েছ, নিহত ৩ হাজার ৬শ ৪৫ জনকে চিহ্নিত করা যায়নি। আগস্টে প্রকাশিত নিহতের সংখ্যার সঙ্গে আরো ৯ হাজার যোগ হয়েছে।
জাতিসংঘ ও বৃহৎ শক্তিগুলো সিরিয়ার রক্তাক্ত সংঘর্ষ বন্ধ করার জন্য বারংবার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সোমবার সূর্যাস্ত থেকে সিরিয়ায় মস্কো ও ওয়াশিংটনের সমঝোতায় অস্ত্রবিরতি কার্যকর রয়েছে। এএফপির সংবাদদাতা এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মঙ্গলবার পর্যন্ত এই অস্ত্রবিরতি কার্যকর রয়েছে।
সূত্র : ডেইলি মেইল




