
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি: গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সিংগাইরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে মানববন্ধন থেকে সাংবাদিক সাগর-রুনি হত্যাসহ দেশের সকল সাংবাদিক হত্যার বিচার দাবি জানানো হয়। সিংগাইর উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে বুধবার (১৩ আগষ্ট) বেলা সাড়ে ১১টার দিকে পৌর শহরের ভাষা শহিদ রফিক সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করে বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা।
মানববন্ধনে বক্তব্য দেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোবারক হোসেন ও সদস্য সচিব সুজন মোল্লা।
বক্তারা বলেন, দেশে একের পর এক সাংবাদিক হত্যার শিকার, নির্যাতন ও নিপীড়ন হলেও তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি কোনো সরকার। সাগর-রুনি হত্যাকাণ্ড তার জ্বলন্ত উদাহরণ। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের মাধ্যমে পুরো সাংবাদিক সমাজ নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়েছে। প্রকাশ্যে একজন পেশাদার সাংবাদিককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা শুধু একটি হত্যাকাণ্ড নয়, এটি পুরো সাংবাদিক সমাজের ওপর সরাসরি আঘাত। তারা দ্রুত সাংবাদিক নিরাপত্তা আইন প্রণয়ন এবং ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান।
এসময় উপজেলা প্রেসক্লাবের সদস্য বাংলা টিভির রেজাউল করিম, রাজধানী টিভির আবুল কালাম আজাদ, এশিয়ান টিভির ইমরান হোসেন, দৈনিক মুক্ত খবরের আসলাম হোসেন, আই টিভির আ: গফুর, বাংলাদেশ বুলেটিনের মাহমুদুল হাসান, আনন্দ টিভির মোশারফ মোল্লা, দৈনিক প্রতিদিনের বাংলাদেশের আতিকুল ইসলাম, মোভি বাংলা টিভির ছানোয়ার হোসেন, নববণীরর কামরুল হাসান ও ভোরের আওয়াজের সাকিব হাসানসহ বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




