
মোঃ কামরুল ইসলাম রানা, রাংগামাটি প্রতিনিধি: গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকা সাহসী সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে সিএইচটি জার্নালিস্ট এসোসিয়েশন।
শুক্রবার (৮ আগস্ট) জুমার নামাজের পর রাঙামাটি শহরের বনরূপা পেট্রোল পাম্প এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে জেলার কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মী একত্রিত হয়ে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
প্রতিবাদ জানিয়ে সাংবাদিকদের কণ্ঠে ধ্বনিত হয়।
সাংবাদিক হত্যা মানেই জাতির বিবেকের কণ্ঠরোধ।
সিএইচটি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিনকে যেভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানায়।
বক্তারা আরও বলেন, একই দিনে গাজীপুরে আরেক সাংবাদিক আনোয়ার হোসেনকেও নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। এ থেকে প্রমাণিত হয়—বাংলাদেশে সাংবাদিকরা আর কোথাও নিরাপদ নয়।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন: মাওলানা শাসশুল আলম, কাউসার (সময় কণ্ঠস্বর), আলী আক্কাস (খবরপত্র), আব্দুল নাইম মোহন (দৈনিক রাঙামাটি, সিএইচটি টাইমস), সাব্বির (বাংলা বায়ান্ন), সোহেল রানা (একুশে নিউজ), মোশাররফ হোসেন সেলিম (সিএনআই), কামরুল ইসলাম (দৈনিক ঘোষণা), নাজিম আলী (সিএইচটি টাইমস টোয়েন্টিফোর), এবং মেহেদী হাসান (রাঙামাটি নিউজ)।
সাংবাদিকদের প্রতি একের পর এক হামলায় ক্ষোভ বক্তারা বলেন, “তুহিন হত্যাকাণ্ড কেবল একজন ব্যক্তিকে নয়, বরং সত্য প্রকাশের সাহসী কণ্ঠস্বরকে স্তব্ধ করার ভয়ঙ্কর প্রয়াস। এটি গোটা সাংবাদিক সমাজের জন্য গভীর শোক ও আতঙ্কের বার্তা।”
তারা অতীতের উদাহরণ তুলে ধরে বলেন—“সাংবাদিক জামাল হত্যার বিচার এখনও হয়নি, সাংবাদিক কামালের ওপর নগ্ন হামলার বিচারও হয়নি। সত্য তুলে ধরলেই হুমকির মুখে পড়তে হয়—এটা কোন সভ্য সমাজের চিত্র হতে পারে না।”
অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার দাবি।
মানববন্ধন থেকে সাংবাদিক নেতৃবৃন্দ তুহিন হত্যার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন। একই সঙ্গে সাংবাদিক নির্যাতন, গুম ও হত্যার বিরুদ্ধে দেশের সব সাংবাদিককে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।




