
মো.শাহাদাত হোসেন মনু,ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে গাঁজা ও ইয়াবা এবং নগদ ৭০হাজার টাকাসহ মো. আরিফ বিল্লাহ (২৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ। সোমবার (২৪শে জুন) গভীর রাতে নলছিটি শহরের খাসমহল এলাকার মুরগির হাট সংলগ্ন ফাঁকা স্থান থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই করুন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতারা পালানোর চেষ্টা করলে আরিফ বিল্লাহকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। তার সঙ্গে থাকা ব্যাগ তল্লাশী করে ১ কেজি ৫’শ গ্রাম গাঁজা, ৫১ পিস ইয়াবা (ওজন ৫.১ গ্রাম), এবং মাদক বিক্রয়ের নগদ ৭০ হাজার ১০ টাকা উদ্ধার করে পুলিশ।
আটক আরিফ বিল্লাহ খাসমহল এলাকার মৃত আ.ওয়াহেদ খলিফার ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, পালাতক রবিউল ইসলাম নামে এক ব্যক্তির কাছ থেকে বিক্রয়ের উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য সংগ্রহ করেছিলেন তিনি।
এ ঘটনায় আরিফ বিল্লাহ, রবিউল ইসলাম ও অজ্ঞাত আরও ২/৩ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারনি ১৯(ক), ১০(ক)/৪১ ধারায় মামলা রজু করা হয়েছে।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস সালাম জানান,“মাদক নির্মূলে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ও নগদ অর্থসহ এক আসামিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হবে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।”




