
পতাকা ডেস্ক : সাভারের কাউন্দিয়া ইউনিয়নের এক সাবেক ইউপি সদস্য মির্জা ফজল মিয়াকে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে মারধর করে ৫৭,০০০ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। গত ৫ জুন বৃহস্পতিবার দুপুর সাড়ে ৩টার দিকে আলী আহম্মেদ সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তায় এ হামলার শিকার হন মো. মির্জা ফজল (৪৫)।
অভিযোগ অনুযায়ী, বিদ্যালয়ের শিশুদের যাতায়াতের রাস্তার উন্নয়ন কাজ বন্ধ করায় মির্জা ফজল স্থানীয়দের নিয়ে প্রতিবাদ জানালে এ হামলা চালানো হয়। মো.সাজু আহম্মেদ কাল্লু (৫৫)-এর সরাসরি নির্দেশে মো.পলাশ (৪৭), মো. আজিজ (৬৫),মো. শাহাদাৎ (৩৮),মো. সজল (৩৯) ও মো. রফিক (৪৫) নামের একদল ব্যক্তি লোহার পাইপ ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় তারা মির্জা ফজলের কাছ থেকে কোরবানির গরু কেনার জন্য রাখা ৫৭,০০০ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয় এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। আশেপাশের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
আহত মির্জা ফজল জানান, হামলাকারীদের সাথে তার পূর্ব থেকেই শত্রুতা ছিল। তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ভবিষ্যতে তারা আমার জীবন নাশ করতে পারে। তিনি ইতিমধ্যে সাভার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
উক্ত অভিযোগের বিষয়ে মো.সাজু আহম্মেদ কাল্লুর কাছে বক্তব্য জানতে চাইলে তিনি বলেন মির্জা ফজর আমাদের বিরুদ্ধে সাভার থানায় যে অভিযোগ দিয়েছে তা মিথ্যা ও বানোয়াট।
স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে অভিযোগ করেন, এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। তারা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ অভিযোগটি তদন্তাধীন বলে নিশ্চিত করেছে।



