
আসাদুল্লাহ মাসুম,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরে ডার্ড কম্পোজিট টেক্সটাইল লি. শ্রমিক কর্মচারীদের পাওনা পরিশোধ না করায় চুক্তি ভংগের দায়ে রাষ্ট্র পক্ষের করা মামলায় ডার্ড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাবিদ উদ দৌলা এবং চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাকে গ্রেফতারের দাবীতে গাজীপুরের মেট্রোপলিট্রন পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করেছে শ্রমিকেরা।
বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশন গাজীপুর মহানগরের সভাপতি শফিউল আলম বলেন, চুক্তি ভঙ্গের দায়ে ২০২৪ সালে রাষ্ট্রপক্ষের করা মামলায় গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে ডার্ড গ্রুপের মালিকদের বিরুদ্ধে শ্রম আদালত গ্রেফতার পরোয়ানা জারি করলেও আসামীদেরকে এখনো গ্রেফতার করা হয়নি। অন্যদিকে শ্রমিকরা পাওনা পরিশোধের দাবিতে দ্বারে দ্বারে ঘুরছে। মালিকের সম্পত্তি বাজেয়াপ্ত করে শ্রমিক-কর্মচারীদের পাওনা পরিশোধের দাবি জানাই।
তিনি বলেন, ‘কারখানাটি এক বছর আগে বন্ধ হয়ে যায়। এরপর থেকে নারী শ্রমিকদের প্রসূতিকালীন ভাতা, প্রভিডেন্ট ফান্ড, সার্ভিস বেনিফিটসহ শ্রমিকদের সব পাওনা আটকে রেখেছে মালিকপক্ষ।
কারখানার মেকানিক্যাল ডেপুটি ম্যানেজার সবিমল ঘোষ বলেন,’পরিবার চালানো অসম্ভব হয়ে পড়েছে। প্রতিদিনের খাবার জোগাড় করাও কঠিন। আমি ২০১১ সাল থেকে এখানে কাজ করছি, এখনো পাঁচ মাসের বেতন, প্রভিডেন্ট ফান্ড ও সার্ভিস বেনিফিট পাইনি।
ডার্ড গ্রুপের কর্তৃপক্ষের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
গাজীপুর শিল্প পুলিশের ইন্সপেক্টর (শ্রীপুর জোন) আব্দুল লতিফ খান বলেন, দীর্ঘ দিন ধরে শ্রমিকরা পাওনা আদায়ের দাবীতে আন্দোলন করছে। আজকের বিষয়টি মেট্রোপলিটন দেখবেন।
এদিকে,গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকার একটি পোশাক তৈরি কারখানায় শ্রমিক আন্দোলনের পর দুইদিনের ছুটি ঘোষনা করেছে কর্তৃপক্ষ।
গতকাল শনিবার রাতে জিএমএস টেক্সটাইল লিমিটেড কারখানার প্রধান নির্বাহী কর্মকর্তা এম গোলাম মোস্তফা দুই দিনের বন্ধের একটি নোটিশ দেন। এছাড়া তিনি নোটিশে শ্রমিকদের ১২টি দাবি মেনে নেওয়ার ঘোষনা দিয়েছেন।
কালিয়াকৈর থানার পরিদর্শক মো. যোবায়ের বলেন, কারখানা কর্তৃপক্ষ রোববার ও সোমবার দুই দিনের ছুটি ঘোষনা করেছে। আগামী মঙ্গলবার কারখানা যথারীতি খুলে দেয়া হবে।




