
এবার স্বয়ং বিমানমন্ত্রীর লাগেজ উধাও হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। অবশ্য দুই ঘণ্টা পর মন্ত্রীর লাগেজ পাওয়া যায়। কিন্তু ততক্ষণে মন্ত্রী বেশ ঝামেলা পুইয়েছেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন জানান, বুধবার তেহরান থেকে সরকারি সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে তার লাগেজ হারিয়ে যায়। পাক্কা দুই ঘণ্টা অপেক্ষা করার পর লাগেজ পাওয়া যায়।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে মন্ত্রীর এই অবস্থা এবং বিমানবন্দরের অব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়। এই ঘটনায় দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়।
এই অবস্থার জন্য মন্ত্রী রাশেদ খান মেনন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) কার্যকরী পদক্ষেপ নিতে আদেশ দেন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক আলী আশরাফ এক আলোচনায় বলেন, মন্ত্রীরই যদি এই অবস্থা হয়, তাহলে সাধারণ যাত্রীদের কী হবে? অবশ্যই এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
বৈঠকে চলতি বছর হজ ফ্লাইটে সৃষ্ট জটিলতার জন্য বেসরকারি হজ এজেন্সিগুলোকে দায়ী করে মন্ত্রী বলেন, এজেন্সিগুলো মক্কা থেকে একদম কাছে বাসা ভাড়া নেয়ার কথা বলে অনেক দূরে হাজীদের জন্য বাসা ভাড়া করে। এই সমস্যায় অনেক হাজীই লাইট বাতিল করেন। আর তার ফলে হজ ফ্লাইটে জটিলতার সৃষ্টি হয়।
আগামী বছরগুলো থেকে এই সমস্যা দূরীকরণে হজের টাকার সঙ্গে বিমান ভাড়াও নিয়ে নেয়ার প্রস্তাব করেন তিনি।




