sliderস্থানিয়

৫ মাস পর চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু

এ আর লিমন, কুড়িগ্রাম প্রতিনিধি : নাব্য সংকটের কারণে বন্ধ থাকার পাঁচ মাস পর আবার কুড়িগ্রামের চিলমারী-রৌমারী নৌপথে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে যাত্রী ও যানবাহন নিয়ে ফেরিটি চলাচল শুরু করে বলে জানান বাংলাদেশ অভ্যান্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিএ) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান।

ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় যাত্রী ও পরিবহন শ্রমিকরা সন্তোষ প্রকাশ করেছেন। ফেরি বন্ধ থাকায় যাত্রীর পাশাপাশি রংপুর, লালমনিরহাট, নীলফামারীর জেলার পণ্য পরিবহনকারীরাও ভোগান্তিতে পড়েছিলেন।

প্রফুল্ল চৌহান বলেন, ব্রহ্মপুত্র নদের নাব্য সংকটের কারণে এতদিন ফেরি চলাচল বন্ধ ছিল। পানি বৃদ্ধি পাওয়ায় দুপুর ফেরি ‘কুঞ্জলতা’ তিনটি পরিবহন ও যাত্রী নিয়ে রৌমারী ঘাটের উদ্দেশে ছেড়ে যায়।

এর আগে বুধবার বিকালে ট্রায়াল হিসেবে রৌমারী ঘাট থেকে ফেরিটি ছেড়ে চিলমারী নৌ-বন্দরে পৌঁছায় বলে জানান তিনি।

কুড়িগ্রাম থেকে আসা ট্রাক চালক সানোয়ার হোসেন বলেন, “ফেরি চালু হওয়ার অনেক স্বস্তি লাগছে। নৌপথে সময় ও অর্থ দুটোই সাশ্রয় হয়।”

২০২৪ সালের ২৩ ডিসেম্বর নদীতে নাব্য সংকট দেখিয়ে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। পরে নাব্য ফেরাতে নদী খনন করেও সুফল না মেলায় কাজ বন্ধ রাখে বিআইডব্লিউটিএ।

এ বিষয়ে বিআইডব্লিউটিএর ড্রেজিং কর্মকর্তা কামরুল হাসান বলেন, ব্রহ্মপুত্র নদের গতিপথ প্রতিনিয়ত বদলায়। খনন করার পরদিন আবার উজানের পানির তোড়ে বালু ভরাট হয়ে যায়। তাই খনন বন্ধ রাখা হয়েছিল।

তবে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় ফেরি চলাচল স্বাভাবিক করা হয়েছে বলে জানান এই নৌ কর্মকর্তা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button