Uncategorized

আওয়ামী লীগ জনগণের দাবির বাস্তবায়ন করেনি-সিপিবি

সিপিবি’র নেতৃবৃন্দ বলেছেন, ২০০৬ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালীন সময়ে ফুলবাড়ী হত্যাকা- সংগঠিত হয়। সে সময় বিরোধী দল আওয়ামী লীগ জনগণের আন্দোলনের প্রতি সমর্থন দেয়। অথচ ক্ষমতায় এসে জনগণের সে দাবির বাস্তবায়ন করেনি। এর পাশাপাশি আওয়ামী লীগ ক্ষমতায় থেকে সুন্দরবন ধ্বংসের প্রকল্প বাস্তবায়নে এগিয়ে যাচ্ছে।
পার্টির ঢাকা মহানগরের পল্টন থানা সম্মেলনে আজ নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এতে নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি এতদিন পর মুখ খুলে জনগণের দাবির পক্ষে কথা বলছে। অথচ ক্ষমতায় থাকাকালীন সময়ে সুন্দরবন রক্ষা ও বিদ্যুৎ উৎপাদনে ভূমিকা নেয়নি। তাই দেশ ও জনগণের স্বার্থে এদের ক্ষমতার বাইরে রেখে জনস্বার্থের পক্ষের শক্তিকে ক্ষমতায় বসাতে হবে।
নেতৃবৃন্দ বলেন, শাসক দলগুলো ক্ষমতায় থাকলে জনগণের স্বার্থ দেখে না। ক্ষমতার বাইরে থাকলে জনগণের দাবির স্বপক্ষে কথা বলতে দেখা যায়। তাই আওয়ামী লীগ ও বিএনপি ধারার দলগুলোকে ক্ষমতার বাইরে রাখতে পারলে জনগণ স্বস্তি পাবে। এজন্য দ্বি-দলীয় মেরুকরণের বাইরে আদর্শনিষ্ঠ রাজনৈতিক দল ও ব্যক্তিদের বিকল্প শক্তি সমাবেশ গড়ে তুলতে হবে।
নেতৃবৃন্দ সাম্প্রদায়িক জঙ্গি নির্মূল, লুটপাটতন্ত্র, সাম্রাজ্যবাদ, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে নীতিনিষ্ঠ অবস্থান থেকে সংগ্রাম পরিচালনা ও দেশ বাঁচাতে মুক্তিযুদ্ধের ধারায় বাম গণতান্ত্রিক বিকল্প শক্তি সমাবেশ গড়ে তোলার আহ্বান জানান।
আজ পুরানা পল্টন মোড়ে পার্টির পল্টন থানার সভাপতি অ্যাডভোকেট এম.এ. তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত পল্টন থানার সম্মেলনের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিপিবি’র সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিপিবি’র কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাহিদ হাসান খান, সেকেন্দার হায়াৎ, মুর্শিকুল ইসলাম শিমুল, ত্রিদিব সাহা, মঞ্জুর মইন, পুষ্পেন রায়, হযরত আলী, আব্দুস সাত্তার প্রমুখ। উদ্বোধনী সমাবেশের শুরুতে উদীচীর শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এর আগে পল্টন-মতিঝিলের বিভিন্ন এলাকা থেকে লাল পতাকার মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button